ভুল সংশোধনের নামে ‘ক’ ও ‘খ’ তফসিলের যে সংশোধিত তালিকা করা হয়েছে, তাতে নতুন নতুন সম্পত্তি সম্পূর্ণ বেআইনিভাবে সংযোজন করা হচ্ছে। এমনকি ২০১৩ সালেও সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়সহ ভূমি প্রশাসনের বিভিন্ন স্তরে একটি চক্র প্রত্যর্পণ-প্রক্রিয়া বানচাল করতে তৎপর। এদের জন্য প্রত্যর্পণ নয় বরং নিঃস্বকরণ-প্রক্রিয়া শুরু হয়েছে।গতকাল শনিবার ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধন, বাস্তবায়নে প্রতিবন্ধকতা এবং পরবর্তী করণীয়’ বিষয়ে এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন বক্তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নয়টি বেসরকারি মানবাধিকার ও সামাজিক সংগঠন এই সভার আয়োজন করে।সভায় লিখিত বক্তব্য পড়েন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। এতে বলা হয়, দুটি তফসিলের গেজেটে অসংখ্য ভুল ও বিভ্রান্তিতে ভরা। ২০১৩ সালের ৫ মে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সংশোধনী আনার পর সংখ্যালঘুদের কোনো সম্পত্তিই আর অর্পিত তালিকার বাইরে থাকবে না। এই অবস্থাটি পাকিস্তানি সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী সৃষ্ট অবস্থার ভয়াবহতাকেও লজ্জা দেবে।বক্তব্যে ‘খ’ তালিকা পুরোপুরি বাতিল করার দাবি করা হয়। এ ছাড়া ১৯৭৪ সালের মার্চ মাসের পর যেসব সম্পত্তি ‘ক’ তফসিলের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা বাদ দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ৫ মে হওয়া অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সংশোধনী বাতিলের দাবি ওঠে। আলোচনায় অংশ নিয়ে সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণের প্রক্রিয়া এখন ‘ক্লান্তি মোচনের নামে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার শামিল’ হয়েছে। তিনি বলেন, নীতিনির্ধারকদের মাথায় সমস্যা থাকলে কাকে দোষ দেবেন? যদি তাঁদের মধ্যে সম্পত্তি দখলের মানসিকতা থাকে, তবে সমাধান হওয়া মুশকিল। সভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ বলেন, ‘আমরা কপাল থেকে শত্রুর তিলক মুছে ফেলার চেষ্টা করেও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশে এখনো শত্রুই রয়ে গেলাম। আমরা প্রতারিত হয়েছি।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, নারী নেত্রী খুশী কবির, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, এএলআরডির উপপরিচালক রওশন জাহান প্রমুখ।