প্রত্যাখ্যাত হয়ে তরুণীর সামনে নিজের পেটে ছুরি চালালেন যুবক
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কাঙ্ক্ষিত প্রেমিকার বাসায়ই নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন মনিরুজ্জামান নামে এক যুবক। গত সোমবার রাতে রাজধানীর মানিকনগরে এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত যুবকের বড় ভাই সাহেব আলী সাংবাদিকদের জানান, সোমবার রাতে তাঁকে সঙ্গে নিয়ে মনিরুজ্জামান মানিকনগরের চান্দার গলিতে তাঁর সাবেক এক নারী সহকর্মীর বাসায় যান। সেখানে তিনি সহকর্মীর পরিবারের সবার সামনে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু তিনি সরাসরি তা নাকচ করে দিলে মনির ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পকেট থেকে ছুরি বের করে নিজের পেটে ঢুকিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মনিরের কাঙ্ক্ষিত প্রেমিকা জানান, তিনি ২০০৮ সালের ফেব্রুয়ারিতে ধলপুরের জাহানারা ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থায় চাকরি নেন। সেখানে আগে থেকেই চাকরি করতেন মনির। দুজনেই ছিলেন মাঠকর্মী। এক থেকে দুই মাস পরে একদিন মনির তাঁকে প্রেমের প্রস্তাব দেন। তিনি তা নাকচ করে দেন। এভাবে বিভিন্ন সময় মনির তাঁকে প্রেমের প্রস্তাব দিতেন। নাকচ করলে পাগলামি করতেন, হাত-পা কাটা শুরু করতেন। ওই তরুণী আরও জানান, মনিরের আচরণে অতিষ্ঠ হয়ে তিনি গত বছরের ফেব্রুয়ারিতে সেই চাকরি ছেড়ে একটি বিমা কোম্পানিতে চাকরি নেন। তার পরও মনির বিভিন্ন সময় তাঁর বাসায় হাজির হতেন। মনিরের এসব পাগলামিতে তরুণীর বাসার সদস্যরা মনিরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করতেন।মনির ধলপুরের জাহানারা ফাউন্ডেশনের কার্যালয়েই রাতে ঘুমাতেন। গত শনিবার অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁর বড় ভাই সাহেব আলীকে ডেকে বিষয়টি জানান। সাহেব আলী জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে ওষুধ আনার কথা বলে মনির তাঁকে নিয়ে মানিকনগরে যান। সেখানে একটি তিনতলা বাসার নিচে তাঁকে দাঁড় করিয়ে রেখে ওপরে যান মনির। দীর্ঘক্ষণ বের না হওয়ায় তিনি খুঁজতে খুঁজতে ওপরে গিয়ে দেখেন, তিনতলার বাসায় বিছানায় শুয়ে আছেন মনির। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণীর বাবা শহীদ সরকার বলেন, ‘বাবা, অনেক রাত হয়েছে, এখন তোমরা যাও।’ তখন মনির বলেন, ‘আপনার মেয়েকে ডাকুন, তার সঙ্গে কথা বলতে চাই।’ এরপর তরুণী এলে মনির তাঁকে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ জবাবে তিনি বলেন, ‘আমি তো আপনাকে ভালোবাসি না।’ তখন মনির দ্রুত বের হয়ে যান। দরজার কাছে যেতে না যেতেই ছুরি বের করে নিজের পেটে ঢুকিয়ে দেন।