প্রত্যাখ্যান করলেন ওয়াসার এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন নিরপেক্ষ, বিজ্ঞানসম্মত ও বস্তুনিষ্ঠ নয় বলে উল্লেখ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তিনি এই প্রতিবেদন সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন। গত ১২ জুলাই টিআইবি ওয়াসার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
গতকাল সোমবার ঢাকা ওয়াসার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ওয়সার এমডি এই প্রত্যাখ্যানের কথা জানান। এ সময় টিআইবির একজন পরিচালক উপস্থিত থাকলেও এমডি তাঁকে কথা বলতে দেননি।
ওয়াসার এমডি বলেন, তাঁর বা ওয়াসার পদস্থ কর্মকর্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে কথা না বলেই টিআইবি প্রতিবেদন তৈরি করেছে। টিআইবি যাঁদের দিয়ে প্রতিবেদনটি তৈরি করিয়েছে, তাঁরা সঠিক তথ্য না দিয়ে মনগড়া প্রতিবেদন উপস্থাপন করেন। ভবিষ্যতে টিআইবির কাছ থেকে গঠনমূলক প্রতিবেদন প্রত্যাশা এবং টিআইবির সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় টিআইবির পরিচালক রেজোয়ানুল আলম উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা টিআইবির কর্মকর্তাকে ওয়াসার এমডির অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন করতে গেলে এমডি আপত্তি তোলেন। এমডি বলেন, ঢাকা ওয়াসার অতিথি হিসেবে টিআইবির পরিচালক এসেছেন। এখানে তিনি বক্তব্য দিতে পারেন না।
এ সময় কয়েকজন সাংবাদিক প্রতিবাদ করলে রেজোয়ানুল আলম বলেন, এমডির প্রতি সম্মান প্রদর্শন করে এখানে তিনি কথা বলবেন না। বাইরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে পারেন।
পরে ওয়াসা ভবনের নিচে রেজোয়ানুল আলম সাংবাদিকদের বলেন, ঢাকা ওয়াসা-সংক্রান্ত টিআইবির প্রতিবেদন সঠিক। বিজ্ঞানভিত্তিক উপায়ে পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদন তৈরির আগে এক বছর ধরে ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাঁরা কোনো রকম সহযোগিতা করেননি। তিনি বলেন, ঢাকা ওয়াসা টিআইবির প্রতিবেদন সম্পর্কে যেসব অভিযোগ তুলেছে, টিআইবি সেসব যাচাই-বাছাই করে দেখবে এবং পরবর্তী সময়ে তা জানানো হবে।
টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ওয়াসা সম্পর্কে বলা হয়, রাজনৈতিক নেতা ও মাস্তানদের দিয়ে ওয়াসার ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হয়। প্রতিবেদনে ঢাকা ওয়াসায় দুর্নীতি, জবাবদিহির অভাব এবং অব্যবস্থাপনাকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয়, কার্যকর পানিসেবা নিশ্চিত করতে সততা এবং সুশাসনের জন্য সমাজের সব নাগরিক, সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন, যা ওয়াসা অনুসরণ করে না। ‘ইউনেসকো’ থেকে ঢাকা ওয়াসার পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। ওয়াসায় ই-টেন্ডার চালু না করার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে ঢাকা শহরে পানি সরবরাহে দুটি প্রধান সমস্যা—ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং ভূউপরিস্থ পানির দূষণ সম্পর্কে ওয়াসাকে সতর্ক হতে বলা হয়।
মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার এমডি ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে ওয়াসার ব্যাপক সাফল্যের বয়ান দেন। তিনি বলেন, পানির উৎপাদন-প্রক্রিয়ায় প্রায় সবক্ষেত্রে উন্নতির কারণে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ ঢাকা ওয়াসাকে ‘মডেল’ হিসেবে গ্রহণ করেছে। এমডি বলেন, চাহিদার তুলনায় প্রায় ২৫ কোটি লিটার উদ্বৃত্ত পানি উৎপাদন করলেও টিআইবি এসব বিষয়ে ভুল তথ্য দিয়েছে। টিআইবির প্রতিবেদনে রাজনৈতিক নেতা ও মাস্তানদের দিয়ে ওয়াসার ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হয় বলে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পদ্মা প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির যেসব অভিযোগ প্রতিবেদনে উঠে এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গোলাম আহম্মদ ও মো. সিরাজ উদ্দিন, প্রধান প্রকৌশলী আবুল কাশেম, বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায় এবং টিআইবির পরিচালক রেজোয়ানুল আলম উপস্থিত ছিলেন।