শরীয়তপুর জেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে স্থানীয় বিএনপির একটি পক্ষ গতকাল সোমবার দুপুরে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে তারা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে।স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, ২০০৯ সালে শরীয়তপুর জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। ওই বছর ৮ ডিসেম্বর জামাল শরীফ সভাপতি, শফিকুর রহমান সাধারণ সম্পাদক ও মাহবুব আলম তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে জেলা বিএনপির এ তিনটি পদ ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। অন্য পদগুলো পূরণ করে কমিটি অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে এ কমিটি আর অনুমোদন হয়নি। ২০১১ সালের ১২ ডিসেম্বর শফিকুর রহমান সভাপতি, নাসির উদ্দিন সাধারণ সম্পাদক, মহিতুল গনি সাংগঠনিক সম্পাদকসহ ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদনের ঘোষণা দেন। এর আগ পর্যন্ত জামাল শরীফ সভাপতি হিসেবে শরীয়তপুর জেলা বিএনপির সব কর্মসূচি বাস্তবায়ন করেন। নতুন কমিটি ঘোষণার খবর শরীয়তপুরে পৌঁছালে শফিকুর রহমান ও নাসির উদ্দিনের সমর্থকেরা রোববার বিকেলে জেলা শহরে আনন্দ মিছিল বের করেন। এ কমিটি বাতিলের দাবি জানিয়ে সন্ধ্যায় জামাল শরীফের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন। গতকাল দুপুরে তাঁরা শহরে ঝাড়ু মিছিল ও পরে কোর্ট সড়কে সমাবেশ করেন। সমাবেশ শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, ‘যাঁরা মাঠে থেকে বিএনপিকে সংগঠিত করেছেন, তাঁদের বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে, তা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা মানেন না। এ কমিটি বাতিল করা না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’শরীয়তপুর পৌর বিএনপির সভাপতি আবদুল মান্নান মাদবর বলেন, ‘জামাল শরীফের নেতৃত্বে শরীয়তপুরে বিএনপি সংগঠিত হয়েছে। নতুন কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তৃণমূল পর্যায়ে তাঁদের কোনো কর্মকাণ্ড নেই। সম্মেলনের মাধ্যমে তৃণমূলের মতামত নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হোক।’ একই ধরনের কথা বলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার।বিএনপির নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ বলেন, ‘নতুন কমিটির কোনো কাগজ এখনো হাতে পাইনি। কমিটির কাগজ পাওয়ার পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলব। তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাব।’ নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের সম্মতিতে মহাসচিব আমাদের কমিটি অনুমোদন করেছেন। বড় রাজনৈতিক দলে পদপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। তাই পদবঞ্চিতেরা কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলন করছে।’