প্রত্যাখ্যান করেছে গণফোরাম, জামায়াত ও বিকল্পধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে গণফোরাম, জামায়াতে ইসলামী ও বিকল্পধারা বাংলাদেশ।
গতকাল সোমবার রাতে পৃথক বিবৃতিতে দল তিনটি এই প্রত্যাখ্যানের কথা জানায়।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন এক বিবৃতিতে বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা বহাল ছাড়া সংসদ নির্বাচন ঘোষণা তামাশা ও অগ্রহণযোগ্য। ঘোষিত তফসিল জাতিকে সংঘাত-বিভক্তি ও নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে।
পৃথক বিবৃতিতে ‘একতরফা’ নির্বাচনের তফসিল ঘোষণার নিন্দা জানিয়েছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এ নির্বাচন প্রতিরোধে সারা দেশে একযোগে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, নির্বাচন কমিশন জেনে-শুনে দেশকে এক গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছে। এ জন্য ইতিহাস তাদের কোনো দিনই ক্ষমা করবে না। এই সংকটের কারণে দেশে যত প্রাণহানি, অগ্নিসংযোগ ও সম্পদহানি হবে, তার জন্য তাদের বিবেকের কাছে চিরকাল দায়ী থাকতে হবে। তিনি বলেন, এর ফলে দেশে যদি কোনো অসাংবিধানিক সরকার আসে, তার দায়দায়িত্ব বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেন এবং আজ মঙ্গলবার সকাল থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, নৌ, রেলপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে ঘোষিত তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবি জানানো হয়।