প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের ভিন্ন সুর

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি সই এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের পর এবার অতীতের মতোই অবস্থান পরিবর্তন করছে মিয়ানমার। গত মঙ্গলবার ঢাকায় জেডব্লিউজির কর্মপদ্ধতির দলিলে স্পষ্ট করেই বলা হয়েছে, এ বছরের আগস্টের পর থেকে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শেষ হলে গত বছরের অক্টোবরের পর যারা এসেছে তাদের ফেরত পাঠানো শুরু হবে। কিন্তু মিয়ানমার এখন দাবি করছে, দুই দেশ শুধু চার মাস আগে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন করবে।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চার মাস আগে রাখাইন থেকে পালিয়ে যারা বাংলাদেশের অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে, তাদের প্রত্যাবাসনের কর্মপদ্ধতি বাংলাদেশ ও মিয়ানমার চূড়ান্ত করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার যে সময়ের উল্লেখ করেছে, ২৩ নভেম্বরের চুক্তি আর ১৯ ডিসেম্বরের জেডব্লিউজির কর্মপদ্ধতির দলিল সেটা বলছে না। দুটি ক্ষেত্রে স্পষ্ট করেই বলা আছে, প্রথমে এ বছরের আগস্টের পর আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এদের ফেরত পাঠানো শেষ হলে ২০১৬ সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে।
মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের আসা এখনো অব্যাহত আছে। গত তিন দিনে এসেছে ১৬৮ জন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২৫ আগস্টের পর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ৬ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এর আগে গত বছরের অক্টোবর থেকে পরের মাসগুলোতে এসেছে ৮৭ হাজার রোহিঙ্গা।
প্রসঙ্গত, আলোচনায় একমত হয়ে পরে মিয়ানমারের সিদ্ধান্ত পরিবর্তন নতুন নয়। গত অক্টোবরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেপিডো সফরের পরও বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরে সংবাদ বিজ্ঞপ্তিতে তাতে একতরফা পরিবর্তন আনে মিয়ানমার।
মিয়ানমারের এই ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, আলোচনায় সিদ্ধান্ত নেওয়ার পর তা থেকে মিয়ানমারের সরে আসাটা নতুন কিছু নয়। এটা বিবেচনায় নিয়েই জেডব্লিউজি গঠন ও এর কর্মপরিধির দলিল সই করা হয়েছে। এখন যত কথাই মিয়ানমার বলুক না কেন, বাংলাদেশ প্রমাণ দিয়ে বলতে পারবে আলোচনায় সিদ্ধান্ত নিয়ে এটি সই হয়েছে। এ থেকে সরে এলেই আন্তর্জাতিক সম্প্রদায় বুঝবে সমস্যা সমাধানে মিয়ানমার আন্তরিক নয়।
শরণার্থী প্রত্যাবাসনে যুক্ত জাতিসংঘের সাবেক কর্মকর্তারা বলছেন, চুক্তি অনুযায়ী ২৩ জানুয়ারি প্রত্যাবাসন শুরুর লক্ষ্য ধরে কাজ করতে হলে এক মাসের মধ্যে দুই দেশকে অনেক কিছু করতে হবে। প্রতিবেশী হলেও বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের আস্থার সংকট লুকানোর সুযোগ নেই। সে ক্ষেত্রে শুরুতেই মতপার্থক্যকে সামনে না এনে কাজটা শুরু করা জরুরি। একবার কাজ শুরু হলে বাধাগুলো দূর করা সহজ হতে পারে। তা না করে শুরুতে বিভেদের প্রসঙ্গ সামনে আনলে দীর্ঘসূত্রতার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ ও মিয়ানমার যখন রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়ার জন্য কাজ করছে, সে সময়টাতে বুধবার নেপিডোতে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি ও সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং লায়েংয়ের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপত্তা ও দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি উত্তর রাখাইনের পরিস্থিতি নিয়ে দুই বৈঠকেই জয়শঙ্কর কথা বলেছেন। এদিকে সু চির দপ্তরের ফেসবুক পেজে বলা হয়েছে, বুধবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক বিশেষ দূত সান গুয়োশিয়াং দেখা করেন সু চির সঙ্গে। তাঁরা দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি রাখাইন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
রাখাইনে রোহিঙ্গাদের ফেরার পথ প্রশস্ত করতে সেখানে ভারতের সহায়তায় প্রি ফেব্রিকেটেড (আগে থেকে তৈরি উপকরণ) বসতবাড়ি তৈরি করতে যাচ্ছে মিয়ানমার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার নেপিডোতে মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী সোয়ে অংয়ের সঙ্গে রাখাইনের আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ওই সমঝোতা স্মারকের আওতায় রাখাইনে আবাসন তৈরি করা হবে। রাখাইনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে বাস্তুচ্যুত লোকজনকে ফেরার পথ প্রশস্ত করাই সমঝোতা স্মারকটি সইয়ের মূল লক্ষ্য।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার গতকাল বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে জানান, মিয়ানমার সফরের সময় রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে সে দেশের নেতাদের সঙ্গে পররাষ্ট্রসচিব জয়শঙ্করের আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় রাখাইনের আর্থসামাজিক উন্নয়নে ২৫ মিলিয়ন ডলারের সমঝোতা স্মারক সই করেছে ভারত।
প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ২৩ নভেম্বর মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ের সঙ্গে চুক্তি সইয়ের আগে রাখাইনে প্রি ফেব্রিকেটেড হাইজিংয়ের ব্যাপারে ভারত ও চীনের সহযোগিতা চান। দুই দেশই সহযোগিতার আগ্রহ দেখান মাহমুদ আলীর কাছে। চুক্তি সইয়ের পর ঢাকায় ফিরে মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।