প্রত্যাবাসন বন্ধ, শিবিরে মানবেতর জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ সালের ডিসেম্বরে সপরিবারে বাংলাদেশে পালিয়ে আসেন মিয়ানমারের ফাতংজা এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহমদ (৭২)। আশ্রয় নেন কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে। শিবিরের একটি ছোট্ট টিনশেড কক্ষে ঠাঁই হয় পাঁচ সদস্যের পরিবারটির।এরপর কেটে গেছে ২০টি বছর। এরই মধ্যে সুলতানের তিন ছেলে বদিউর রহমান, আবদুর রহমান, মখলেছুর রহমান ও এক মেয়ে জয়নাব খাতুনের বিয়ে হয়েছে। ঘরে এসেছে নাতি-নাতনি। সব মিলিয়ে পরিবারটিতে এখন সদস্যসংখ্যা ২২। শিবিরে মানবেতর জীবনযাপন করছে তারা। পরিবারটি মিয়ানমারে ফিরে যেতে চায়। তবে সেই সুযোগ আর তাদের হয়নি। কারণ সাত বছর ধরে রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ রয়েছে।সুলতানের পরিবারের মতোই ১৯৯১ সালের শেষের দিকে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের আড়াই লাখেরও বেশি রোহিঙ্গা। বর্তমানে উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া শিবিরে ২৫ হাজার ৩২৫ জন রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। বাকিদের মধ্যে অনেকেই মিয়ানমারে ফিরে গেছে। কিন্তু ২০০৫ সালের ৫ মে থেকে প্রত্যাবাসন বন্ধ থাকায় ওই দুই শিবিরের রোহিঙ্গা শরণার্থীরা স্বদেশে ফিরে যেতে পারছে না।মানবেতর জীবনযাপন: শরণার্থী শিবির দুটিতে গিয়ে দেখা গেছে, চরম অস্বাস্থ্যকর পরিবেশে বন্দীর মতো জীবন কাটাচ্ছে রোহিঙ্গারা। নয়াপাড়া শিবিরে রয়েছে ৪০৩টি শেড। প্রতি শেডে ছয়টি করে কক্ষ, যার প্রতিটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আট ও ১০ ফুট। নয়াপাড়া শিবিরে মোট এক হাজার ৭৭৭টি পরিবার রয়েছে। আর উখিয়ার কুতুপালং শিবিরে একই আকৃতির ২৯৮টি শেডে বাস করছে এক হাজার ১৭৯টি পরিবার।শিবির দুটির অধিকাংশ ঘরই পলিথিন আর বাঁশের বেড়া ও মাটির তৈরি। শেডগুলোর অবস্থা খুবই নাজুক। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে মেঝের মাটি কাঁদা হয়ে যায়। বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থাও খুবই শোচনীয়। স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশেই বড় হচ্ছে রোহিঙ্গা শিশুরা।শরণার্থী শিবির দুটির পাশে অস্থায়ী শিবির গড়ে তুলে বসবাস করছে আরও অন্তত দেড় লাখ রোহিঙ্গা। এদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।কুতুপালং শিবিরের শরণার্থী নাজির হোসেন (৫৬) বলেন, ‘এখানে চাল-ডাল, তেল, জ্বালানি কাঠ—সবই বিনা মূল্যে পাওয়া যাচ্ছে। কিন্তু তার পরও শান্তি নেই। আমরা স্বদেশে ফিরে যেতে পারলেই খুশি।’শরণার্থী মদিনা খাতুন (৫৪) বলেন, ‘যেকোনো মুহূর্তে আমরা মিয়ানমারে ফিরে যেতে রাজি। কিন্তু মিয়ানমারে গণতন্ত্র নেই। সামরিক জান্তা যখন-তখন মুসলমানদের ওপর নির্যাতন চালায়।’টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের কর্মকর্তা (ইনচার্জ) কামরুজ্জামান ও জালাল আহমদ জানান, শিবির দুটিতে কোনো ধরনের সীমানাপ্রাচীর না থাকায় বহিরাগতরা অবাধে যাতায়াত করছে। আগে শরণার্থীদের শিবিরের বাইরে যেতে দেওয়া হতো না। কিন্তু এখন তারা বিনা বাধায় নানা স্থানে বিচরণ করছে। লিপ্ত হচ্ছে নানা অনৈতিক কর্মকাণ্ডে।আবারও অনুপ্রবেশ: বিজিবি ও পুলিশ সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে নতুন করে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা। টেকনাফ ও উখিয়া সীমান্ত হয়ে অনুপ্রবেশের সময় গত ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা দুই হাজার ৮৭৪ জন রোহিঙ্গাকে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছেন।৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন বন্ধ থাকায় রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো যাচ্ছে না। নতুন করে আরও রোহিঙ্গা আসার চেষ্টা করছে। তবে সীমান্তে টহল বাড়িয়ে তাদের অনুপ্রবেশ ঠোকানোর চেষ্টা চলছে।