প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার শঙ্কা

চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরুর জন্য চুক্তি হলেও প্রস্তুতির ঘাটতি থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে প্রত্যাবাসনের জন্য শুরুতে মিয়ানমারকে এক লাখ রোহিঙ্গার যে তালিকা দেওয়ার কথা, সেটি গতকাল পর্যন্ত তৈরি হয়নি। ফলে প্রত্যাবাসন তদারকির জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) প্রথম বৈঠকের আগে তা চূড়ান্ত করা অনেকটা অসম্ভব মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজে যুক্ত ঢাকা ও কক্সবাজারে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে অন্যতম প্রধান উপাদান রাখাইনের এসব অধিবাসীর তালিকা। বাংলাদেশের পাঠানো তালিকা মিয়ানমার তাদের নিজেদের তথ্যভান্ডারের সঙ্গে যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন দেবে। রোহিঙ্গাদের এই তালিকা পরিবারভিত্তিক করার ওপর জোর থাকছে। সেই সঙ্গে এলাকার বিষয়টিও বিবেচনায় থাকছে। ফলে হুট করে বাংলাদেশের তথ্যভান্ডারে এ পর্যন্ত যুক্ত রোহিঙ্গাদের তালিকা থেকে এক লাখের নাম দিলেই চলবে না, সব মিলিয়ে এই তালিকা চূড়ান্ত যাচাই-বাছাইয়ে সময় লাগবে।
মিয়ানমারের নতুন প্রশাসনিক রাজধানী নেপিডোতে আগামী সোমবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ের নেতৃত্বে দুই দেশের জেডব্লিউজির প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে।
নেপিডোতে অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে জানতে চাইলে শহীদুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জেডব্লিউজির প্রথম বৈঠকে প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নামের মাঠপর্যায়ের চুক্তিটি চূড়ান্ত করা হবে।
তালিকা তৈরির কাজ শুরুই হয়নি
মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের এক সদস্য গতকাল বুধবার নাম প্রকাশ না করার শর্তে প্রথম
আলোকে বলেন, এক লাখ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত পাঠানোর তালিকা প্রণয়নের কাজ এখনো শুরু হয়নি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র গতকাল জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের তথ্য সংগ্রহের কাজ চললেও প্রথম দফায় কাদের বাংলাদেশ ফেরত পাঠাতে চায়, সেই তালিকা তৈরির প্রক্রিয়া গত সোমবার পর্যন্ত শুরুই হয়নি। এই তালিকা তৈরির জন্য জেলা প্রশাসনের প্রতিনিধিসহ ৯ সদস্যের একটি কারিগরি কমিটি করেছিল পররাষ্ট্রসচিবের নেতৃত্বাধীন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। ওই কারিগরি কমিটির কোনো সভা হয়নি। তালিকা তৈরির মানদণ্ড ঠিক হয়নি।
এই পরিস্থিতিতে ১৫ তারিখের সভায় তালিকা দেওয়া সম্ভব হবে কি না জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘এখনো সময় আছে। এ নিয়ে অনেক কাজ করা আছে।’
জানা গেছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর গত মঙ্গলবার পর্যন্ত নতুন ও পুরোনো মিলিয়ে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৩ জনের নাম নিবন্ধিত করেছে। ওই তালিকা থেকে শুরুতে মিয়ানমারের কাছে এক লাখ রোহিঙ্গার তালিকা পাঠানো হবে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, আগেও একাধিকবার রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল। একাধিকবার প্রত্যাবাসন করা হয়েছে। কিন্তু সেসব প্রত্যাবাসন ফলপ্রসূ হয়নি, টেকসই হয়নি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ এবারের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চায়।
রাখাইনে ফিরতে অনীহা
এদিকে প্রত্যাবাসন শুরুর জন্য যখন দুই দেশ প্রস্তুতি নিচ্ছে, তখন রাখাইনে ফেরার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে রোহিঙ্গারা। হাবিবুল্লাহর তিন সদস্যের পরিবার কক্সবাজার জেলার টেকনাফের শ্যামলাপুর রোহিঙ্গা শিবিরে থাকছে চার মাস ধরে। হাবিবুল্লাহ এখানেই স্থায়ীভাবে থেকে যেতে চান। দেড় বছরের ছেলের ভবিষ্যৎ তিনি বাংলাদেশেই দেখছেন। গত মঙ্গলবার হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এখানে রেশন পাব আর খাব। মরে গেলেও ওই দেশে (মিয়ানমার) আর যাব না।’
উখিয়ার বালুখালী ২/২ শিবিরের ওসমানের বক্তব্য একটু ভিন্ন ধরনের। ওসমান এই শিবিরের একজন মাঝি (অনিবন্ধিত রোহিঙ্গাদের নেতা)। লোকজন তাঁর সঙ্গে যে সমীহ করে কথা বলে, তাতে বোঝা যায় তিনি কিছুটা নেতা গোছের মানুষ। ওসমান গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘মানবাধিকারের বিষয়টি নিশ্চিত না হলে আমরা কেন ফেরত যাব? আনান কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হলেই যাওয়ার প্রশ্ন উঠবে। খুব শিগগির তা হবে বলে মনে হয় না।’
গত তিন দিনে রোহিঙ্গা শিবিরগুলো ঘুরে নিজ দেশে ফেরা নিয়ে রোহিঙ্গাদের এমনই মনোভাব জানা গেছে। স্থানীয় মানুষও নিশ্চিত না, রোহিঙ্গাদের ফেরত পাঠানো বা ফেরত নেওয়ার বিষয়ে দুই দেশের সরকার আসলে কী করছে। উখিয়ার মনখালি গ্রামের মফিজুল আলম একটি শিবিরে সুপারি সরবরাহের ব্যবসা করছেন। মফিজুল গতকাল এই প্রতিবেদককে বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশ এদের ফেরত পাঠাবে, আর বার্মা (মিয়ানমার) সরকার এদের ফেরত নেবে।’
গত বছরের ২৩ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ে নেপিডোতে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি চুক্তি সই করেন। ওই চুক্তির ধারাবাহিকতায় ঢাকায় ১৯ ডিসেম্বর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ের আলোচনার পর গঠিত হয় জেডব্লিউজি। এরপর নেপিডোতে ১৫ জানুয়ারি মাঠপর্যায়ের চুক্তিটি চূড়ান্ত হলে প্রত্যাবাসনের জন্য দুই দেশের সরকারি পর্যায়ের প্রক্রিয়া শেষ হবে। এরপর প্রত্যাবাসনের সঙ্গে জাতিসংঘের শরণার্থী সংস্থাকে (ইউএনএইচসিআর) আনুষ্ঠানিকভাবে যুক্ত করবে দুই দেশ।
গত বছরের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের যে ঢল শুরু হয়েছে, তা কমলেও এখনো থামেনি। গতকালও এসেছে ৭২ জন রোহিঙ্গা। জাতিসংঘের তথ্য অনুযায়ী এবারের ঢলে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা। সব মিলিয়ে এখন বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।