
জানুয়ারির দ্বিতীয়ার্ধে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুকে লক্ষ্য ধরে ৩০ সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠন করেছে বাংলাদেশ ও মিয়ানমার। দুই দেশের পররাষ্ট্রসচিবদের নেতৃত্বাধীন ওই কমিটি রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন, পুনর্বাসন ও তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা—এ তিনটি বিষয় তত্ত্বাবধান করবে। তিন ক্ষেত্রেই জাতিসংঘের শরণার্থী সংস্থাসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আগ্রহী আন্তর্জাতিক পক্ষকে যুক্ত রাখা হবে।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে বৈঠকের পর জেডব্লিউজি গঠনের দলিলে সই করেন। ‘মিয়ানমারের বাস্তুচ্যুত অধিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে জেডব্লিউজির কার্যপদ্ধতি’ শীর্ষক দলিলটি সইয়ের সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, আগেই দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছিল। তার অধীনে যৌথ ওয়ার্কিং গ্রুপও তৈরি হয়ে গেল। এখন পরবর্তী ধাপের কাজ শুরু হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসনের চুক্তি সইয়ের পর এ পর্যন্ত যে অগ্রগতি, তাতে তিনি সন্তুষ্ট কি না জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘আমি সন্তুষ্ট।’
দুই দেশ ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর লক্ষ্য ঠিক করলেও আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, মিয়ানমারের সংখ্যালঘু ওই জনগোষ্ঠীকে রাখাইনে ফেরত পাঠানোর পরিবেশ এখনো হয়নি। ওই পরিবেশ না ফিরলে তাদের ফেরত পাঠানো ঠিক হবে না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দুই প্রতিবেশী দেশের কর্মকর্তারা গতকাল ঢাকায় বসে যখন কাজের পদ্ধতি চূড়ান্ত করছিলেন, সে সময় মিয়ানমারের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর রাখাইনে নির্যাতন চালিয়েছে দেশটির সেনাবাহিনী। গতকাল অন্তত ১১৫ জন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২৫ আগস্টের পর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ৬ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিয়ানমারের বাস্তুচ্যুত অধিবাসীদের নিরাপদে ও স্বেচ্ছায় প্রত্যাবাসন, তাদের পুনর্বাসন এবং নিজেদের এলাকায় অধিকার পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জেডব্লিউজিকে। ২৩ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ে রাখাইনের বাস্তুচ্যুত জনগণকে প্রত্যাবাসনের জন্য চুক্তি সই করেন। ওই চুক্তি অনুযায়ীই জেডব্লিউজিকে প্রত্যাবাসনের দায়িত্ব দেওয়া হলো। চুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে কীভাবে রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হবে, কীভাবে তাদের পরিচয় যাচাই করা হবে, প্রত্যাবাসন প্রক্রিয়ার সময়সীমা কী হবে, যানবাহন, যোগাযোগ এবং সেখানে তাদের স্বাগত জানানোসহ আনুষঙ্গিক বিষয়ে একটি রূপরেখা চূড়ান্ত করবে জেডব্লিউজি।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গত রাতে প্রথম আলোকে বলেন, প্রত্যাবাসনের জন্য গত মাসে যে চুক্তি সই হয়েছিল, তারই ধারাবাহিকতায় জেডব্লিউজি গঠন করে এর কার্যপদ্ধতি চূড়ান্ত হয়েছে। দুই পক্ষ এখন এর আলোকে কাজ শুরুর জন্য পরের ধাপের পদক্ষেপগুলো নেবে।
গতকালের বৈঠকে উপস্থিত বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের কমিটি গঠনের সময় রোহিঙ্গাদের মিয়ানমারে ‘পুনঃপ্রতিষ্ঠা’ আর ‘মিয়ানমারের অধিবাসী’ এ বিষয়গুলো রাখার ব্যাপারে ইয়াঙ্গুনের যথেষ্ট আপত্তি ছিল। আলোচনার একপর্যায়ে বাংলাদেশ স্পষ্ট করেই বলেছে, ঢাকার বৈঠকেই সবকিছু চূড়ান্ত করতে হবে। কোনো কিছু ঊহ্য রাখার সুযোগ নেই। এরপর মিয়ানমার এ দুটি বিষয় মেনে নিতে বাধ্য হয়।
বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানে মিয়ানমারকে ক্রমে চাপে ফেলেছে। আর এই চাপের কারণে মিয়ানমারকে কিছু করতে হবে। এর মানে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই।
দুই দেশের ১৫ জন করে ৩০ সদস্যের যে জেডব্লিউজি হয়েছে, সেটি কখনো সব সদস্যকে নিয়ে কখনো সদস্যদের একাংশকে নিয়ে বৈঠক করবে। প্রত্যাবাসন শুরুর আগে দুই দেশ আরেকটি চুক্তি করবে, যেখানে এর সব ধরনের খুঁটিনাটি বিষয় থাকবে। ওই চুক্তিটি সইয়ের আগে জেডব্লিউজির সদস্যরা সীমান্তের উভয় পাশের পরিস্থিতি সরেজমিনে দেখবেন। অর্থাৎ রোহিঙ্গারা বাংলাদেশে কেমন আছে, সেটি দেখতে মিয়ানমারের সদস্যরা যেমন কক্সবাজার সফরে আসবেন, তেমনি রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর পরিবেশ কতটা হয়েছে, তা দেখতে বাংলাদেশের কর্মকর্তারা রাখাইনে যাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অতীত অভিজ্ঞতার আলোকে এবং এখনকার পরিস্থিতি বিবেচনা করে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এই জেডব্লিউজিকে। দুই দেশের কর্মকর্তারা কোনো বিষয়ে একমত হতে ব্যর্থ হলে তা সরকারের উচ্চপর্যায়ে জানাতে হবে। এ ক্ষেত্রে তিন মাসের মধ্যে সমস্যার সুরাহা করতে হবে।
তিন মাসের সময়সীমা প্রসঙ্গে একজন কর্মকর্তা জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য ১৯৯২ সালের স্বাক্ষরিত যৌথ বিবৃতি অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির ২২তম সভা ১৯৯৭-এর মার্চে হওয়ার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত গ্রহণে সমস্যার অজুহাত দেখিয়ে মিয়ানমার ওই সভা ২০০০-এর জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছিল। ওই অভিজ্ঞতা থেকে তিন মাসের এই সময়সীমা ঠিক করা হয়েছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন, পুনর্বাসন ও তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা—এ তিনটি ক্ষেত্রে দুই দেশ জাতিসংঘের শরণার্থী সংস্থাসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আগ্রহী আন্তর্জাতিক পক্ষকে যুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে জানতে চাইলে কর্মকর্তারা জানান, আগ্রহী আন্তর্জাতিক পক্ষ অর্থাৎ কোনো দেশকে প্রত্যাবাসনে প্রয়োজনে যুক্ত করা যাবে।
রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গঠিত কমিটি ১৯ ডিসেম্বর থেকে প্রতি তিন মাস পরপর তাদের কাজের অগ্রগতির প্রতিবেদন সরকারকে দেবে। কাজের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্য-উপাত্ত দুই দেশ কাজে লাগাবে।
এ দফায় যেসব রোহিঙ্গা এসেছে, তাদের ফেরত পাঠানো শেষ হলে গত বছরের অক্টোবরের পর থেকে যেসব রোহিঙ্গা এসেছে, তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরুর কথাও বলা আছে জেডব্লিউজির কর্মপদ্ধতির দলিলে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালের অক্টোবরের পর থেকে ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থাসহ (ইউএনএইচসিআর) জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক পক্ষকে যুক্ত রাখাকে আপাতদৃষ্টিতে যথেষ্ট ইতিবাচক মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার। তাঁর মতে, এর ফলে প্রত্যাবাসনের বিভিন্ন ধাপে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার পথ প্রশস্ত হলো।