প্রত্যাবাসনে অগ্রগতি নেই

>
- নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ৯৬ হাজার ৯৬৭।
- মিয়ানমার মাত্র ৫৫৬ জন রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি।
- দৃশ্যমান অগ্রগতি নেই: প্রধানমন্ত্রী
- জটিলতা পাকিয়ে রেখেছে মিয়ানমার।
- রোহিঙ্গাদের গ্রহণে ইচ্ছুক ফিলিপাইন।
সরকারের নানামুখী উদ্যোগ গ্রহণ এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়লেও রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ কার্যকর হচ্ছে না। একের পর এক আলোচনা, চুক্তি, তালিকা হস্তান্তর, যাচাই-বাছাইসহ নানা কিছুর পরও প্রত্যাবাসন প্রক্রিয়ায় সেই অর্থে অগ্রগতি নেই।
সরকারের একাধিক সূত্র বলেছে, সুষ্ঠুভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মিয়ানমারের প্রস্তাব বা শর্ত মেনে নেওয়া হলেও দেশটি একের পর এক নানা অজুহাত অব্যাহত রেখেছে। একদিকে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলছে, অন্যদিকে সংখ্যায় কম হলেও রোহিঙ্গাদের আগমন অব্যাহত রয়েছে।
এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার হতাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় সফররত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা পুনর্বাসনে চুক্তি সম্পাদিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না।
গতকাল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত মিয়ানমার মাত্র ৫৫৬ জন রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে।
অবশ্য মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যা-বিষয়ক দপ্তরের পারমানেন্ট সেক্রেটারি মিন্ত কেইং বলেছেন, বাংলাদেশ থেকে ৬৭৫ জন রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার প্রস্তুত আছে।
গতকাল মিজিমা ডটকমকে মিন্ত কেইং বলেন, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পাঠানো ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা যাচাই করে তাঁরা ৮০০ জনকে শরণার্থী হিসেবে অনুমোদন দিয়েছেন। এ কর্মকর্তা বলেন, তাঁরা বিষয়টি এরই মধ্যে বাংলাদেশি কর্তৃপক্ষকে জানিয়েছেন।
মিন্ত কেইং আরও বলেন, এই ৮০০ জনের মধ্যে ৬৮৫ জন বাংলাদেশে পালিয়ে যাওয়ার আগে মিয়ানমারে বসবাস করতেন বলে তাঁরা জেনেছেন। তিনি অভিযোগ করেন, তাঁদের মধ্যে ১০ জন সন্ত্রাসী যাঁরা বিভিন্ন সহিংস হামলায় অংশ নেন। তিনি বলেন, ‘তালিকায় থাকা এই সন্ত্রাসীদের বাদ দিয়ে আমরা শুধু ৬৭৫ জনকে গ্রহণ করব। কিন্তু ১২০ শরণার্থীকে গ্রহণ করা হবে না, কেননা তাঁদের ছবি বা বাড়ির নিবন্ধনের মতো কাগজপত্র নেই; যা দিয়ে তাঁদের মিয়ানমারে থাকার বিষয়টি প্রমাণ করা যায়।’
প্রত্যাবাসনের এই ধীরগতি সম্পর্কে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম গতকাল বলেন, ১৯৯০ সালে আসা ২ লাখ ৩৬ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাতে সময় লেগেছিল ১৩ বছর। নতুন আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠাতে কত বছর লাগবে, তা নির্ভর করছে আসলে মিয়ানমারের সদিচ্ছার ওপর।
এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯৬ হাজার ৯৬৭। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বহিরাগমন বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন।
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জানান, রোহিঙ্গারা জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তত্ত্বাবধানে রাখাইনে থাকতে রাজি। তারা নিজ দেশে ফিরে যাওয়ার আগে হত্যা, ধর্ষণ ও লুটতরাজের বিচার দেখতে চায়। নাগরিকত্বসহ নিরাপদে বসবাসের নিশ্চয়তা পেলেই রাখাইনে ফিরতে রাজি তারা।
রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক থাকার কথা উল্লেখ করে মোহাম্মদ আবুল কালাম বলেন, রাখাইনে ফেরার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি রোহিঙ্গাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। এলাকায় ফিরে তারা নিজেদের ঘরবাড়ি চিহ্নিত করতে পারবে, এমন পরিস্থিতি সেখানে নেই।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকের হোসেন ওরফে লালু মাঝি প্রথম আলোকে বলেন, রোহিঙ্গাদের ঘরবাড়ি নিশ্চিহ্ন করে দেশটির সেনাবাহিনীর ব্যারাক স্থাপন ও মগ সম্প্রদায়ের লোকজনকে পুনর্বাসিত করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের শূন্যরেখায় থাকা রোহিঙ্গা শিবিরের মাঝি (নেতা) দিল মোহাম্মদ প্রথম আলোকে বলেন, রাখাইনে তাঁরা আজই ফিরে যেতে চান, কিন্তু এমন পরিস্থিতি সেখানে নেই।

দৃশ্যমান অগ্রগতি নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা পুনর্বাসনে চুক্তি সম্পাদিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। ঢাকায় সফররত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাসস জানায়, বৈঠকে সলিল শেঠি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রোহিঙ্গা নারীরা এখনো ভীতসন্ত্রস্ত।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি স্বাক্ষর এবং দুই দেশের মন্ত্রী পর্যায়ের সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছে না।’ প্রধানমন্ত্রী এ সময় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
সলিল শেঠি বলেন, আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ১০ লাখ রোহিঙ্গার ব্যবস্থাপনা খুবই চ্যালেঞ্জিং হবে।
জটিলতা পাকিয়ে রেখেছে মিয়ানমার
বার্তা সংস্থা এএফপির খবরে গতকাল বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গার দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে আগে থেকেই জটিলতা পাকিয়ে রেখেছে মিয়ানমার। তাদের মধ্যে যারা মিয়ানমারের নাগরিকত্ব পেতে আগ্রহী, প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের অবশ্যই ‘বাঙালি’ হিসেবে পরিচিত হওয়ার ব্যাপারে রাজি হতে হবে।
মিয়ানমারে রোহিঙ্গাদের এই বাঙালি আখ্যা দিয়েই তাদের একটা পৃথক জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি পাওয়া থেকে বঞ্চিত করা হয়ে থাকে। সমালোচকেরা বলছেন, মিয়ানমার বলছে যে রোহিঙ্গাদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তাদের ন্যাশনাল ভেরিফিকেশন কার্ডে (এনভিসি) নাম থাকতে হবে। কিন্তু এটা তাদের অধিকার আদায়ে যথেষ্ট নয়।
২০১০ থেকে ২০১৭ সালের শেষ নাগাদ মিয়ানমার সরকারের পরিসংখ্যানে দেখা যায়, মাত্র ৭ হাজার ৬০০ রোহিঙ্গা নারী-পুরুষ এই কার্ডে যুক্ত হয়েছেন। আর নাগরিকত্ব পেয়েছেন হাতে গোনা কয়েক শ জন।
রোহিঙ্গাদের গ্রহণে ইচ্ছুক দুতার্তে
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গতকাল বলেছেন, মিয়ানমারে গণহত্যা থেকে বাঁচাতে যেসব রোহিঙ্গা মুসলিম দেশটি থেকে পালিয়ে যাচ্ছে, তাদের আশ্রয় দিতে ইচ্ছুক তিনি। দুতার্তে এ ব্যাপারে ইউরোপের দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রেসিডেন্ট প্রাসাদে এক বক্তৃতায় দুতার্তে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘অসামর্থ্যের’ কথাও তুলে ধরেন। ফিলিপাইন ও মিয়ানমার উভয় দেশ দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য। কিন্তু জোটের কোনো সদস্যদেশের বিরুদ্ধে অপর সদস্যদেশের এভাবে কথা বলার ঘটনা একেবারেই বিরল।
একেক সময় একেক ভূমিকায় মিয়ানমার
গত কয়েক মাসের ভূমিকা পর্যালোচনা করে দেখা গেছে, চাপে পড়লে মিয়ানমার কিছুটা নমনীয় হচ্ছে, আবার চাপ কমলে নিজের অবস্থানে ফিরে যাচ্ছে। জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলে আসছে।
রাখাইনে সেনাবাহিনীর দমনপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের ২৩ নভেম্বর সম্মতিপত্রে সই করে দুই দেশ। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির পক্ষে তাঁর দপ্তরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে এ বিষয়ে একটি সম্মতিপত্রে (অ্যারেঞ্জমেন্ট) সই করেন। এর আগে ২৩ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মিয়ানমারে গিয়ে দেশটির সঙ্গে চুক্তি করেন। এরপর দুই দেশের মধ্যে তালিকা বিনিময় হয়েছে। কিন্তু প্রত্যাবাসন প্রক্রিয়া সেই অর্থে এগোচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কথা শুনে বোঝা যাচ্ছে, মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেয়নি। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গা এলেও মিয়ানমার সরকার ক্লিয়ারেন্স দিয়েছে মাত্র ৬০০ জনকে, যা খুবই হতাশাজনক। তাঁর মতে, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে।