প্রত্যাবাসনের আগে রোহিঙ্গা শিশুদের নিরাপত্তা চায় ইউনিসেফ

বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর আগে মিয়ানমারে রোহিঙ্গা শিশুদের উন্নত নিরাপত্তা নিশ্চিত করা উচিত বলে মনে করে জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফ। এসব শিশুর মানবিক সহায়তার সুযোগ যেন অবারিত থাকে, সেই দাবিও করেছে জাতিসংঘের এই সংস্থা।
আজ বুধবার ইউনিসেফের সহকারী নির্বাহী পরিচালক জাস্টিন ফোরসিথ এসব দাবি জানান। কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কথাগুলো বলেন ফোরসিথ। ইউনিসেফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ফোরসিথ বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে ৫৮ শতাংশই শিশু। সেখানে সন্ত্রাসী ঘটনা দেখার পর এখনো তারা ভীতসন্ত্রস্ত। রোহিঙ্গা পরিবার প্রত্যাবাসনের চুক্তিতে এসব শিশুর অধিকার ও প্রয়োজনের বিষয়টি অবশ্যই জোরালোভাবে থাকা দরকার। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছাধীন, নিরাপদ ও সম্মানজনক হতে হবে।’
গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। এ পর্যন্ত ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এর মধ্যে অর্ধেকের বেশি শিশু।
জাস্টিন ফোরসিথ বলেন, বাংলাদেশ সংলগ্ন মিয়ানমার সীমান্তের গ্রামগুলোতে গত কয়েক দিনে আগুন ও গোলাগুলির বিভিন্ন সংবাদ পাওয়া গেছে। মিয়ানমারে শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত না হওয়ার পরই প্রত্যাবাসনের আলোচনা হতে পারে।
বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন ফোরসিথ। তিনি বলেন, সরকারের সচেতন নেতৃত্বের ফলে মানব ইতিহাসের এক বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।