প্রত্যাবাসনের প্রথম তালিকায় এক লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর জন্য মাঠপর্যায়ের চুক্তির খসড়া তৈরি করেছে বাংলাদেশ। কয়েক দিনের মধ্যে চুক্তির খসড়া মিয়ানমারের কাছে পাঠানো হচ্ছে। প্রত্যাবাসন শুরুর জন্য প্রাথমিকভাবে এক লাখ রোহিঙ্গার তালিকা করে তা মিয়ানমারের কাছে পাঠানো হবে।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মাঠপর্যায়ের চুক্তি (ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট) চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়।

এর আগে সকালে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে মিয়ানমারের অনিবন্ধিত নাগরিক-বিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) ১৭তম সভায় রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

দুই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মো. শহীদুল হক সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টের খসড়া তৈরি করেছি। এটি মিয়ানমারের কাছে পাঠানো হবে এবং তা চূড়ান্ত করতে দেশটির সঙ্গে আলোচনা হবে। আশা করছি, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশের পররাষ্ট্রসচিবদের নেতৃত্বে যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) হয়েছে, মিয়ানমার জানুয়ারির শুরুতে সে দেশে জেডব্লিউজির বৈঠকের আয়োজন করবে।’

এদিকে দুই বৈঠকে উপস্থিত অন্য এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৯ লাখ ১২ হাজার রোহিঙ্গার একটি তথ্যভান্ডার (ডেটাবেইস) তৈরি করা হয়েছে। ওই তালিকা থেকে প্রথম ধাপে ২০১৬ সালের অক্টোবরের পর থেকে আসা এক লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে দেওয়া হবে। এরপর মিয়ানমারের যাচাই-বাছাই সাপেক্ষে ফেরত পাঠানোর জন্য পরবর্তী তালিকা পাঠানো হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ গত ২৩ নভেম্বর মিয়ানমারের সঙ্গে চুক্তি সই করেছে। ওই চুক্তি অনুযায়ী ২০১৬ সালের অক্টোবরের পর যেসব রোহিঙ্গা এসেছে, শুধু তাদের ফেরত পাঠানোর জন্য বিবেচনা করা হবে।

এদিকে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টের বিষয়ে জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মাঠপর্যায়ে কাজের বিষয়গুলো এতে বিস্তারিতভাবে থাকবে। রোহিঙ্গারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কোন কোন পথ দিয়ে যাবে, রাখাইন যাত্রার আগে বাংলাদেশের যেসব অস্থায়ী শিবিরে থাকবে তার তালিকা, রাখাইনে ফিরে কোথায় থাকবে, সে জায়গাগুলোর তালিকার বিষয়গুলো এর মধ্যে অন্যতম।

এদিকে বিবিসি বাংলা জানায়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক ডেপুটি হাইকমিশনার কেট গিলমোর বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের সমঝোতা নিয়ে তিনি সন্দিহান। রোহিঙ্গারা ভীষণ নিষ্ঠুরতার শিকার হয়েছে। রুয়ান্ডার হত্যাকাণ্ডের পর এবারই প্রথম এত অল্প সময়ে এত বেশি সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে কোনো তদন্ত হয়নি। প্রত্যাবাসনের পর তারা যে আবার নিপীড়নের শিকার হবে না, তার নিশ্চয়তা নেই।

কেট গিলমোর আরও বলেন, আন্তর্জাতিক আইনের সবচেয়ে সাধারণ ভিত্তিটাও বিবেচনায় নিলে শরণার্থীদের জোর করে ফেরত পাঠানো বাংলাদেশের ঠিক হবে না।

এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বিবিসি বাংলাকে বলেন, জাতিসংঘকে আশ্বস্ত করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করা। তারা ফিরে যাওয়ার পর সুরক্ষা নিশ্চিত করা। তিনি বলেন, ‘আমরা জানতে পারলাম, সীমান্তের ওপারে ওরা কিছু ঘরবাড়ি নির্মাণ শুরু করেছে। বিষয়টি একেবারে বাস্তবায়নের পর্যায়ে চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত মিয়ানমারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব, ততক্ষণ পর্যন্ত আমরা কেন আগ বাড়িয়ে নেতিবাচক অবস্থান নেব?’

ডিপথেরিয়া রোধে যুক্তরাজ্যের চিকিৎসাদল

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ডিপথেরিয়া দ্রুত মহামারি আকারে ছড়িয়ে পড়া রোধের জন্য জরুরি চিকিৎসাদল (ইএমটি) পাঠিয়েছে যুক্তরাজ্য। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চিকিৎসক, নার্স, অগ্নিনির্বাপকসহ ৪০-এর বেশি সদস্যকে নিয়ে ওই ইএমটি কক্সবাজারে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০১৬ সালে ইএমটিকে স্বীকৃতি দেওয়ার পর সংস্থার কোনো প্রতিনিধিদলের এটাই প্রথম ঢাকা সফর। বড়দিনের ছুটির পর আরও বেশ কিছু চিকিৎসক ও নার্স বাংলাদেশে আসবেন।

গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এ পর্যন্ত বাংলাদেশে ৬ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। প্রতিদিন কক্সবাজারে অন্তত ১৬০ জন রোহিঙ্গা নতুন করে ডিপথেরিয়ায় আক্রান্ত হচ্ছে। এই রোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রোহিঙ্গা শিশুরা।