প্রত্যাশা পূরণে ব্যর্থতা এবং সরকারের জনপ্রিয়তায় ভাটা—এ দুই কারণেই মূলত ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। আর সিলেটে আওয়ামী লীগবিরোধী শক্তিকে প্রথমবারের মতো ঐক্যবদ্ধ করার পাশাপাশি স্থানীয় কারণগুলো তাঁর পরাজয়কে আরও পাকাপোক্ত করেছে।পরিবর্তনের হাওয়া এতটাই প্রবল যে নিজের ভোটকেন্দ্র সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটাররাও রায় দেননি কামরানের পক্ষে, সেখানেও হেরেছেন ১৩৬ ভোটের ব্যবধানে। ফলে মিষ্টভাষী, হাসিখুশি, সাধারণ মানুষের নেতা হিসেবে খ্যাতি পাওয়া কামরান তাঁর দেড় যুগের জনপ্রতিনিধিত্ব হারালেন। আর প্রথমবারের মতো মেয়র হলেন বিএনপি-সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী।কামরানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এত সহজে মূল্যায়ন করা কঠিন। তবে পরাজয়ের পেছনে জাতীয় ইস্যু ও ধর্মীয় ইস্যু কাজ করেছে। পরাজয়ের জন্য বিপক্ষ প্রার্থীর টাকার ছড়াছড়িও ভূমিকা রেখেছে।’সিলেট জেলা আইনজীবী সমিতির তিনবারের সভাপতি ছিলেন এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। তিনি কামরানের পরাজয় সম্পর্কে বলেন, প্রথমত, সরকারের সঙ্গে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। দ্বিতীয়ত, কামরান নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেননি। কামরানের ভোটব্যাংক তছনছ ২০০৮ সালের সিটি নির্বাচনে জামায়াত খুলনা, রাজশাহী ও বরিশালে বিএনপি-সমির্থত প্রার্থীকে সমর্থন দিলেও সিলেটে দেয়নি। বলা হয়ে থাকে, কামরানের যত ব্যবসা তার সবই স্থানীয় জামায়াতের নেতাদের সঙ্গে। কিন্তু এবারের আরিফের প্রচারণায় জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হয়, সিলেটের আদি বাসিন্দা নন এমন ভোটারের সংখ্যা ৬০ থেকে ৭০ হাজার। এর মধ্যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ভোটারই বেশি। কামরানের শ্বশুরবাড়ি টাঙ্গাইলে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জামাই হিসেবে তিনিই এ ভোট পেয়ে আসছিলেন। এবার এর বেশির ভাগ চলে গেছে আরিফের পক্ষে। কারণ, আরিফের শ্বশুরবাড়ি ময়মনসিংহ শহরে। কামরান ও আরিফ দুজনের স্ত্রীই বৃহত্তর ময়মনসিংহ সমিতির উপদেষ্টা। হকারদের অধিকাংশ ভোট কামরান পেলেও বস্তিবাসীদের বেশির ভাগই পরিবর্তনের হাওয়ার সঙ্গে তাল মিলিয়েছেন। বিএনপির ঐক্য২০০৩ সালের নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র পদে নির্বাচন করে এম এ হক আওয়ামী লীগের প্রার্থী কামরানের কাছে প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন। সে বার বিএনপির বিদ্রোহী প্রার্থী শামসুজ্জামান প্রায় পাঁচ হাজার ভোট পান। ২০০৮ সালেও বিএনপি একক প্রার্থী দিতে পারেনি। এম এ হক ২৩ হাজার ৪৮৭ ভোট পেয়ে তৃতীয় হন। সম্মিলিত নাগরিক ঐক্যের ব্যানারে নির্বাচন করে তৎকালীন বিএনপির নেতা আ ফ ম কামাল ৩২ হাজার ৯৭ ভোট পান। আর কামরান পেয়েছিলেন এক লাখ ১৫ হাজার ৪১৬ ভোট। কিন্তু এবারই প্রথম নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেন সিলেট বিএনপির নেতারা। সঙ্গে জামায়াতসহ ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর শক্তি যোগ হওয়ায় নির্বাচনের ফল সহজে ঘরে তোলা সম্ভব হয়েছে বলে স্থানীয় বিএনপি মনে করছে। আর কামরান হারলেন ৩৫ হাজার ১৫৭ ভোটের ব্যবধানে।সংখ্যালঘুদের কাছে টানতে পেরেছেন আরিফ আরিফুল হক এবারের নির্বাচনে প্রচুর সংখ্যালঘু ভোটারকে নিজের পক্ষে টানতে সক্ষম হন। সংখ্যালঘু ভোটার বেশি এমন অন্তত ১১টি ভোটকেন্দ্রের মধ্যে চারটিতে আরিফ বিজয়ী। বাকিগুলোতে লড়াই করে হেরেছেন।চারদলীয় জোট সরকারের আমলে আরিফ নগরের বিভিন্ন হিন্দু মন্দির, শ্মশানঘাট নির্মাণ ও সংস্কারে ভূমিকা রাখেন। মণিপুরি সম্প্রদায়ের সম্পদ অবৈধ দখল থেকে উদ্ধার করে সেখানে তাদের জন্য শ্মশানঘাট নির্মাণ করেন আরিফ। ১৮ বছরের হিসাব-নিকাশ পৌরসভা ও সিটি করপোরেশন মিলে ১৮ বছর ধরে কামরান সিলেটের জনপ্রতিনিধি। কিন্তু তিনি সিলেটের জলাবদ্ধতা নিরসন করতে পারেননি। স্থানীয় লোকজন জানান, সিলেট নগরে নয়টি ছড়া (প্রাকৃতিক খাল) রয়েছে। পানিনিষ্কাশনের জন্য এগুলোই যথেষ্ট। কিন্তু তিনতারা মার্কেট, সন্ধ্যাবাজার ও সিলেট স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণের নামে সিটি করপোরেশন থেকে খালগুলোর কয়েকটি দখল নেওয়া হয়। এ ছাড়া ব্যক্তিগত পর্যায়েও কিছু ছড়া দখল হয়ে যায়। এসব দখল বন্ধ করার উদ্যোগ নেননি কামরান। কামরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি নগরে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেননি। এসব কারণে স্থানীয় ভোটারদের মধ্যে পরিবর্তনের হাওয়া শুরু হয়। ব্যবসায়ী ও নাগরিক সমাজের অভিমান ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি ছিল নগরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ এবং সড়ক দখল করে সভা-সমাবেশ বন্ধের। কিন্তু কামরান সেটা করতে পারেননি। এ ছাড়া কামরান সব সময়ই বলতেন, ‘আমার ভোটার তো হকার আর বস্তিবাসী। সুশীল সমাজ দিয়ে কী হবে?’ কামরানের এ মনোভাবে নাগরিক সমাজের মধ্যে অভিমান ছিল। সিলেট চেম্বারের পরিচালক তাহমীন আহমদ বলেন, কামরান কথা দিয়ে কথা রাখেননি। এ জন্য ২০০৮ সালে তাঁর পক্ষে কাজ করলেও এবার সরে যান ব্যবসায়ীরা। আরিফুল হকও যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাঁরও একই পরিণতি হবে।