চট্টগ্রাম নগর বিএনপিকে ঢেলে সাজানোর অংশ হিসেবে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিল দলটি। ৩৯টি ওয়ার্ডে ৩৯ হাজার সদস্য সংগ্রহ করার লক্ষ্য ছিল দলীয় নেতাদের। কিন্তু এর মাত্র অর্ধেক সংগ্রহ করতে পেরেছে দলটি।
গত ২ অক্টোবর দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত সমাবেশের পর সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। প্রতি ওয়ার্ডে সদস্য সংগ্রহের লক্ষ্য ছিল ১ হাজার করে।
নগর বিএনপির সূত্র জানায়, ১৫ নভেম্বর সদস্য সংগ্রহ অভিযান শেষ হয়। এবার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে সম্মেলন করে কমিটি গঠন করা হবে। জানুয়ারির প্রথমার্ধের মধ্যে তারা এ কাজ শেষ করতে চায়।
গত ২৬ সেপ্টেম্বর নগরের ৩৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে মেয়াদ পূর্ণ না হওয়ায় নগরের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ও ১০ নম্বর কাট্টলী ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। এ দুই ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযানও হয়নি।
নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘১৫ নভেম্বর পর্যন্ত ১৯ হাজারের বেশি সদস্য সংগ্রহ হয়েছে। এখন আমাদের ঘর গোছানোর পালা।’ প্রত্যাশার মাত্র অর্ধেক পূরণ হয়েছে, এতে তাঁরা সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে বিএনপির বিপুল নেতা-কর্মী বসবাস করেন। অনেকে মিছিল-সমাবেশে সক্রিয় থাকলেও ভোটার হয়েছেন নিজ নিজ গ্রামে। এ কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে এটি চলমান প্রক্রিয়া। ধীরে ধীরে সদস্য বাড়তে থাকবে।’
শাহাদাত হোসেন বলেন, ‘সব সদস্যের তথ্যভান্ডার আমাদের কম্পিউটারে সংরক্ষিত থাকবে। সাংগঠনিক কাজ ছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা সদস্যদের সহযোগিতা নেব। বিশেষ করে কোনো রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে গ্রুপ মিলিয়ে রক্ত সংগ্রহ করা হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একটি ওয়ার্ডের বিএনপির একজন নেতা বলেন, তাঁরা ফরম নিয়ে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গেছেন। কিন্তু বর্তমান প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে ভয়ে অনেকে সদস্য হননি।
দলীয় সূত্র জানায়, নগর বিএনপির সব নেতা-কর্মী নতুন করে সদস্য হয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ বলেন, ‘দলকে শক্তিশালী হতে হলে ব্যাপক গণসমর্থন ছাড়া বিকল্প নেই। বর্তমান দুরবস্থা অতিক্রম করে বিএনপিকে ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে এই সদস্য সংগ্রহ অভিযান নিঃসন্দেহে উদ্দীপনার সৃষ্টি করবে।’
দলীয় সূত্র জানায়, ৩৯টির মধ্যে ১১টি ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ হয়েছে গড়ে ২০০ জন করে। আবার ১ হাজারের বেশি সদস্য হয়েছেন চারটি ওয়ার্ডে। ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে সর্বোচ্চ ১ হাজার ৫৯০ জন সদস্য হয়েছেন। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে ১ হাজার ৩৮৬ জন, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গড়ে ১ হাজার ২০০ জন করে সদস্য হয়েছেন।
১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তৈয়ব বলেন, ‘আমার এলাকায় স্থানীয় লোকজনের বসবাস বেশি। স্থায়ী বাসিন্দাদের মধ্যে বিএনপির অবস্থান খুব মজবুত। তাই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ফরম পূরণ করেছেন। এতে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।’
নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডসহ ১১টি ওয়ার্ডে গড়ে সদস্য সংগ্রহ হয়েছে ২০০ জনের নিচে। কেন এত কম হলো জানতে চাইলে শুলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আশরাফ চৌধুরী বলেন, ‘আমরা সদস্য আরও বাড়াতে পারতাম। কিন্তু অনেক কিছু যাচাই করে সক্রিয় ২০০ জনকে সদস্য করেছি।’