প্রত্যাশার বাঁধই এখন দুর্ভোগের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী পৌরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই বাঁধই এখন তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাঁধের কয়েকটি অংশে ফাটল দেখা দিয়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পেলেই ফাটল দিয়ে পানি শহরে ঢুকছে।
এ ছাড়া পানি ওঠানো ও নামানোর জলকপাট (স্লুইসগেট) নির্মাণে ত্রুটি হয়েছে বলে অভিযোগ রয়েছে। চার দিন ধরে জোয়ারের সময় পানি বৃদ্ধি পেয়ে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য স্থবির হওয়াসহ পৌরবাসীর দুর্ভোগ বেড়ে গেছে।
পূর্ণিমার প্রভাবে গত শনিবার সকালে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে পৌরসভার ভেতরে ঢুকে পড়ে। পানিতে প্লাবিত হয় শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা লঞ্চঘাট, ২ নম্বর বাঁধ ঘাট এলাকা, কাঠপট্টি, নতুন বাজার, রূপালী সিনেমা সড়ক, নিউমার্কেটসংলগ্ন পৌর শহরের নিম্নাঞ্চল। সরেজমিনে দেখা যায়, ২ নম্বর বাঁধ ঘাট এলাকায় বাঁধের নিচ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ছে। এ ছাড়া লঞ্চঘাট টার্মিনাল ভবনের নিচ দিয়ে বাঁধে বড় ধরনের ছিদ্র হয়ে জোয়ারের পানি শহরের অভ্যন্তরে ঢুকছে।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, ‘ভেবেছিলাম, বাড়ির সামনে বাঁধ নির্মাণ হওয়ায় আমাদের দুর্ভোগ কমবে। কিন্তু এখন বাঁধের নিচ দিয়ে জোয়ারের পানি ঢুকে বাড়ির চারপাশে হাঁটুপানি উঠে যাচ্ছে। লোকজন পানিবন্দী হয়ে পড়ছে।’
শহরের পুরান বাজার এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর সিকদার বলেন, ‘বারবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা কার্যালয়ে অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিবছরই এ মৌসুমে জোয়ারের প্লাবনে শহরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। জলকপাট দিয়েই পানি উঠছে। যেনতেনভাবে বাঁধ নির্মাণ এবং কোনো রকমে জলকপাট স্থাপন করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। আমরা এ ভোগান্তির কবল থেকে মুক্তি চাই।’
পটুয়াখালীর পাউবো কার্যালয় জানায়, পৌরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০০৭-০৮ সালে একটি প্রকল্পের আওতায় ২৪ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী শহর রক্ষা বাঁধের নির্মাণকাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় ছয়টি জলকপাট, নয়টি কালভার্ট, ১৭টি আউটলেট, ২৫টি ইনলেট, পাকা বাঁধ ৯৫০ মিটার উঁচু করা, সিট পাইলিং ও অন্যান্য কাজ করা হয়। ২০১১-১২ অর্থবছরে কাজ শেষ হয়।
পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম জানান, বাঁধের কয়েকটি অংশে বড় বড় ছিদ্র সৃষ্টি হয়ে জোয়ারের পানি শহরে ঢুকছে। বাঁধের বহির্গমন দরজা না থাকায় সমস্যা আরও ঘনীভূত হয়েছে।
পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র সৈয়দা আকলিমুননেছা বলেন, জোয়ারের প্লাবন থেকে পৌরবাসীকে রক্ষায় বাঁধের ত্রুটিগুলো চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাউবোকে বলা হয়েছে।
পটুয়াখালী পাউবোর উপসহকারী প্রকৌশলী আবু বকর ভূঁইয়া জানান, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিচের অংশের ছিদ্রগুলো চিহ্নিত করা যাচ্ছে না। তবে আসছে শুষ্ক মৌসুমে ত্রুটিগুলো শনাক্ত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।