প্রত্যাশিত ফল পায়নি রাজশাহীর পুরোনো ও নামী বিদ্যালয়গুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের পুরোনো ও নামী বেশ কয়েকটি বিদ্যালয় এবার জেএসসি পরীক্ষায় প্রত্যাশিত ভালো ফলাফল করতে পারেনি। এ জন্য রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোচিং-নির্ভরতাকে দায়ী করেছে।রাজশাহী নগরের প্রাচীন বিদ্যালয়ের মধ্যে রয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল, পিএন সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রাজশাহী সরকারি মাদ্রাসা (সাধারণ পাঠ্যবই পড়ানো হয়)। ভালো বিদ্যালয়ের তালিকায় আছে রাজশাহী ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় (হেলেনাবাদ) ও শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়। এসব বিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। তাই অনেক শিক্ষার্থী কোচিং করে পরীক্ষার প্রস্তুতি নেয়। এসব বিদ্যালয়ে সন্তানদের ভর্তির জন্য অনেক অভিভাবকের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। অথচ এসব বিদ্যালয়ই বোর্ডের ফলাফলে রাজশাহীর সুনাম ধরে রাখতে পারছে না।জেএসসি পরীক্ষার ফলাফলে বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে গতবারের মতো এবারও বোর্ড-সেরা হয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকার গৃহিণী আলেয়া রুপি বলেন, ‘ছেলেমেয়ে বড় হলে রাজশাহীর মা-বাবারা স্বপ্ন দেখেন, তাঁর ছেলেকে কলেজিয়েট বা ল্যাবরেটরি স্কুলে পড়াতে হবে। অথবা মেয়ে হলে পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের পড়বে। এই বিদ্যালয়গুলোয় ভর্তির জন্য ছেলেমেয়েকে প্রস্তুত করতে তাদের সঙ্গে মা-বাবাকেও খাটতে হয়।’ তিনি জানান, অনেক সাধনা করেও তাঁর মেয়েটাকে পিএন বালিকা বিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি। এ রকম একটি বিদ্যালয় বোর্ডের ফলাফলে সামনের দিকে জায়গা পায় না। এটা রাজশাহীর মানুষের জন্য হতাশার কথা। রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূর জাহান বেগম বলেন, ‘কোচিং সেন্টারে বাচ্চাদের এমনভাবে অতিরিক্ত নম্বর দেওয়া হয়, তারা আত্মতুষ্টিতে ভোগে। ফলে যতটুকু পড়ার দরকার তারা সেই পড়ার প্রয়োজন অনুভব করে না। এ জন্য কোচিংয়ের বাচ্চাদের বিদ্যালয়মুখী করাও কঠিন হয়ে যায়। তারা মনে করে, কোচিংয়ে অল্প সময় দিয়েই প্রচুর নম্বর পাওয়ার কৌশল জানা যায়। চারটা পর্যন্ত বিদ্যালয়ে থাকাটা অযথা সময় নষ্ট করা মনে করে তারা।’গতকাল বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের সভাকক্ষে ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নগরের এই নামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পিছিয়ে পড়া নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন তোলেন। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা জানান, রাজশাহীর শিক্ষার্থীরা এখন শ্রেণীকক্ষ বাদ দিয়ে কোচিংনির্ভর হয়ে যাচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানগুলো অন্যান্য শহরের তুলনায় সামনের সারিতে আসতে পারছে না।