চট্টগ্রাম নগরকে অবৈধ রিকশামুক্ত করার উদ্যোগ নিয়েও প্রত্যাশিত সাড়া পায়নি সিটি করপোরেশন। উদ্যোগ নিয়েও বিপুলসংখ্যক অবৈধ রিকশাকে বৈধ করা যায়নি। এতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে করপোরেশন। চট্টগ্রাম নগরে অবৈধ রিকশার সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই। সংশ্লিষ্টদের ধারণা, এই সংখ্যা এক লাখের ওপরে।
করপোরেশন সূত্র জানায়, অবৈধ রিকশা বৈধ করতে প্রায় পাঁচ বছর পর গত ২৬, ২৭ ও ২৮ অক্টোবর নগরের ৪১টি ওয়ার্ড কার্যালয়ে উদ্যোগ নেওয়া হয়। ১০টি ওয়ার্ডে নতুন লাইসেন্সের জন্য কেউ আবেদন করেননি। অন্যান্য ওয়ার্ডে তিন দিনে মোট ৩৯ হাজার ৬০০টি রিকশার লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স দেওয়া হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ পূরণ হয়েছে। অবশিষ্ট রিকশার ব্যাপারে এলাকাভিত্তিক জরিপ করে এবং সংশ্লিষ্ট সমিতিগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি জানান, এরপর অবৈধ রিকশা তুলে নেওয়া হবে।
করপোরেশন সূত্র জানায়, ১৩ হাজার ৫৭৯টি রিকশার নতুন লাইসেন্স ইস্যু করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার। আর নিবন্ধিত ৩৫ হাজার একটি রিকশার বিপরীতে ২৬ হাজার ২১টি লাইসেন্স নবায়ন করা হয়েছে। নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ বলেন, ‘রিকশার পরিমাণ নির্ণয় করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে আরও বেশি সাড়া পাওয়া যেত। এখন এই কার্যক্রমের ফলে নগরে আরও ৭০ হাজার অবৈধ রিকশা ঢুকে যেতে পারে।’
যোগাযোগ বিশেষজ্ঞ সুভাষ বড়ুয়া বলেন, নিয়ন্ত্রণ না থাকার কারণে নগরে রিকশার সংখ্যা বেড়ে চলছে। এতে বাড়ছে যানজট। তাই যানজট এড়াতে রিকশাসহ ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন করা উচিত।
সিটি করপোরেশন সূত্র বলছে, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় করপোরেশন ৬১ লাখ ৪১ হাজার ৯৪০ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। নিবন্ধিত প্রতি রিকশা থেকে পাঁচ বছরের নবায়ন ফি নেওয়া হয়েছে ৩৫০ টাকা। ফলে নিবন্ধন না করা আট হাজার ৯৮০টি রিকশা থেকে ৩১ লাখ ৪৩ হাজার টাকা রাজস্ব পাওয়া যায়নি। এদিকে নতুন ইস্যু করা প্রতিটি লাইসেন্স থেকে দুই বছর বাবদ ১৪০ টাকা আদায় করা হয়েছে। এ খাতে লক্ষ্যমাত্রার ২১ হাজার ৪২১টি রিকশা নতুন লাইসেন্স না নেওয়ায় করপোরেশন বঞ্চিত হয়েছে ২৯ লাখ ৯৮ হাজার ৯৪০ টাকার রাজস্ব থেকে।
করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বলেন, তাঁরা প্রত্যাশিত সাড়া পাননি। তবে অবৈধ রিকশা অপসারণে করপোরেশন ও পুলিশের যৌথ টিম গঠন করে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে।
চট্টগ্রাম মহানগর রিকশাচালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ আকতার বলেন, এটি চলমান প্রক্রিয়া। পরে নবায়ন ও নতুন লাইসেন্স নেওয়া হবে।