ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু বাক্কারকে প্রত্যাহার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে প্রত্যাহার করা হয়। গত সোমবার বিকেলে তাঁকে প্রত্যাহার করা হয়। পুলিশ জানায়, সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ ১৩ এপ্রিল উপজেলার বাড্ডা বাজার এলাকা থেকে গাঁজা উদ্ধার করে। গত শুক্রবার রাতে আবু বাক্কারের ব্যক্তিগত অনুলেখক মো. মারুফ মিয়ার বাসা থেকেও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মারুফের বাসা থেকে যে গাঁজা উদ্ধার করা হয়েছে, তার সঙ্গে ১৩ তারিখ উদ্ধার হওয়া গাঁজার মিল পাওয়া গেছে। মারুফ পলাতক আছেন। এ বিষয়ে উপপরিদর্শক মো. আবু বাক্কারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।