যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেট আওয়ামী লীগের নেতা শফিক উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহার করা ঠেকাতে আদালতে আপত্তি দাখিল করেছেন মামলাটির বাদী মুহিবুর রহমান। জেলার অতিরিক্ত দায়রা জজের (প্রথম) আদালতে দাখিল করা ওই আপত্তির ওপর আজ রোববার শুনানি অনুষ্ঠিত হবে।
আপত্তি দাখিলকারী মুহিবুরের আইনজীবী সুহেল আহমদ চৌধুরী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, আদালত আপত্তির ওপর রোববার শুনানির দিন ধার্য করেছেন। শুনানিতে আপত্তির সপক্ষে প্রয়োজনীয় তথ্যাদি ও যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
গত ২২ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘আরও ১১৪ হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে ২৮ আগস্ট সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহত ব্যক্তির ভাই গোলাপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা মো. ছলমান। মামলার বাদী মুহিবুরও নিহত ব্যক্তির ভাই।
সংবাদ সম্মেলনে মো. ছলমান জানান, ২০০৪ সালের ২৭ আগস্ট গোলাপগঞ্জে তাঁর ভাই আবদুল ওয়াহিদ ওরফে খলু মিয়া হত্যা মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে দাবি করে তা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন ওই মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত প্রধান আসামি তৎকালীন ছাত্রলীগের উপজেলা সভাপতি ও গোলাপঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি শফিকউদ্দিন।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বর্ণনা, পরে পুলিশের তদন্তসাপেক্ষে শফিকউদ্দিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল ও আদালতের রায়ে যাবজ্জীবন সাজা হওয়ার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
মো. ছলমান বলেন, খলু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে শফিকউদ্দিনসহ (বর্তমানে আওয়ামী লীগ নেতা) অন্য আসামিরা গুলি করে হত্যা করেন। ওই ঘটনায় তাঁর করা মামলায় তদন্তকারী কর্মকর্তা গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম আদালতে শফিকউদ্দিন, নিজামউদ্দিন, কান্তি কুমার শর্মা, মুজিবুর রহমান, ফজলুল হক, মকবুল হোসেন, চুনু মিয়া, কামরুল ইসলাম, রাজা মিয়া, নজরুল ইসলাম, ছইফউদ্দিনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০০৫ সালের ১৯ ডিসেম্বর বিচারক বিপ্লব গোস্বামী রায়ে শফিকউদ্দিন, নিজামউদ্দিন, ফজলুল হক, কান্তি কুমার ও রাজা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন। পরে আসামিদের মৃত্যুদণ্ড চেয়ে উচ্চ আদালতে আপিল করা হয়। উচ্চ আদালত ওই পাঁচজনকে যাবজ্জীবন ও অন্য ছয়জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন।
মো. ছলমান আরও বলেন, হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া শফিকউদ্দিন সম্প্রতি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন। তিনি শারীরিকভাবে অসুস্থ দাবি করে উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশে মামলাটির পুনর্বিচার শুরু হয়েছে। এ অবস্থায় পুরো ঘটনাকে রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে শফিকউদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন।
মো. ছলমানের দাবি, তাঁর নিহত ভাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি ডাক বিভাগের একজন চাকরিজীবী ছিলেন। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছিল। মামলাটি যেন রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা না হয়, সে জন্যই তিনি আদালতে আপত্তি দাখিল করেছেন।