নিম্নমানের ওষুধ প্রস্তুতকারী হিসেবে সংসদীয় কমিটির চিহ্নিত ৬২টি প্রতিষ্ঠানের ওষুধ বাজার থেকে প্রত্যাহার করা হয়নি। উল্টো স্বাস্থ্য মন্ত্রণালয় নয়টি প্রতিষ্ঠানকে ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অনুমতি দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ওই ৬২টি প্রতিষ্ঠান কী পরিমাণ নিম্নমানের ওষুধ বাজারজাত করেছে এবং তা কেন বাজার থেকে প্রত্যাহার করা হয়নি, সে বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে প্রতিবেদন দিতে বলেছে। এ ছাড়া নয়টি প্রতিষ্ঠানকে যৌক্তিকভাবে ওষুধ উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে কি না, সংসদীয় কমিটি তা নতুন করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, বিশেষজ্ঞদের নিয়ে পরিদর্শন করে তাঁরা ৬২টি প্রতিষ্ঠানের সনদ বাতিলের সুপারিশ করেছিলেন। এ সুপারিশ উপেক্ষা করে মন্ত্রণালয় কী উদ্দেশে, কার স্বার্থে নয়টি প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমতি দিয়েছে, কেনই-বা ৬২টি প্রতিষ্ঠানের ওষুধ বাজার থেকে প্রত্যাহার হয়নি, তা বোধগম্য নয়। মন্ত্রণালয় যে নয়টি প্রতিষ্ঠানকে ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে, সেগুলো হলো: ওয়েস্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এফএনএফ ফার্মা, মডার্ন ফার্মা, প্রাইম ফার্মা, সিলকো ফার্মা, সিনথো ফার্মা, গ্রিনল্যান্ড ফার্মা, মিল্লাত ফার্মা ও মমতাজ ফার্মা। বৈঠকে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায়, বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। সেই কমিটির সুপারিশে ২০টি প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদন সনদ সাময়িক বাতিল এবং ২৯টির সনদভুক্ত বিভিন্ন ওষুধের নিবন্ধন সাময়িক বাতিল করা হয়। নয়টি প্রতিষ্ঠানকে ওষুধ উৎপাদন ও বাজারজাত করার সুযোগ দেওয়া হয়। দুটি প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিত করা হয়। একটির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং একটির ব্যাপারে সংসদীয় কমিটির প্রতিবেদন সন্তোষজনক ছিল বলে মন্ত্রণালয়ের কমিটি মনে করে। ওষুধ উৎপাদনের সনদ সাময়িক বাতিল হওয়া ২০টি প্রতিষ্ঠান হলো: অ্যাবলাটন ফার্মাসিউটিক্যালস, বেঙ্গল টেকনো ফার্মাসিউটিক্যালস, বিকল্প ফার্মা, ক্রিস্টাল ফার্মা, ডলফিন ফার্মাসিউটিক্যালস, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস, জলপা ল্যাবরেটরিজ, মাফলাজ ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ল্যাবরেটরিজ, ওয়েসিস ল্যাবরেটরিজ, প্যারাডাইজ ফার্মা, কোয়ালিটি ফার্মা, রাসা ফার্মা, রেমিডি ফার্মাসিউটিক্যালস, সালটন ফার্মাসিউটিক্যালস, শামসুল আলামিন ফার্মা, স্পার্ক ফার্মা, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালস, ওশান ল্যাব ও ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস।অধিদপ্তর বৈঠকে জানায়, নয়টি প্রতিষ্ঠান হাইকোর্টের অনুমতি নিয়ে উৎপাদন অব্যাহত রেখেছে। এগুলো হলো: পারমিক ল্যাবরেটরিজ, স্পার্ক ফার্মা, শামসুল আলামিন ফার্মা, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালস, ইউনিয়ন ফার্মাসিউটিক্যালস, রাসা ফার্মা, প্যারাডাইস ফার্মা, ওয়েসিস ল্যাবরেটরিজ ও ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস। শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে ঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, নাজমুল হাসান, মুরাদ হাসান ও জেড আই এম মোস্তফা আলী উপস্থিত ছিলেন।