প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, বিক্ষোভ
শিক্ষাপ্রতিষ্ঠানে হঠাৎ বেতন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ‘উদ্বেগজনক’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে অভিভাবক ঐক্য ফোরাম শিক্ষাসচিবের কাছে স্মারকলিপি দিয়েছে।
শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, বিষয়টি উদ্বেগজনক। গণমাধ্যমে প্রকাশিত খবরটি তিনি দেখেছেন। এ সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
ভিকারুননিসা নূন স্কুলে বিক্ষোভ করেছেন অভিভাবকেরা। আজ বৃহস্পতিবারও একই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা। এদিকে চট্টগ্রামে আজ অভিভাবকেরা বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেবেন। চট্টগ্রাম সিটি করপোরেশন অভিভাবকদের কোনো কথাই শুনছে না বলে অভিযোগ উঠেছে। তবে মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ভালো শিক্ষক ধরে রাখতে বেতন বাড়াতে হয়েছে। তবে যেসব স্কুল শিক্ষার্থীদের বেতন বাড়িয়েছে গতকালও তারা সিদ্ধান্তে অনড় ছিল। রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১ নম্বর ফটকের সামনে সকাল সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত অভিভাবকেরা অবস্থান কর্মসূচি পালন করেন। আজও এ কর্মসূচি পালন করার কথা রয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া একজন অভিভাবক বলেন, ‘এবার লটারিতে অনেক গরিবের সন্তান ভর্তি হয়েছে। তাঁরা কীভাবে এই ব্যয় মেটাবেন?’ একজন অভিভাবক বলেন, তাঁরা শুনেছেন ভিকারুননিসার ৩০ শতাংশ শিক্ষক এমপিওভুক্ত। অন্য শিক্ষকদের বেতন শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করার জন্যই বেতন বাড়ানো হয়েছে। তাই বলে এক লাফে বেতন দ্বিগুণ হওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন। গতকালও আন্দোলন চলার সময় স্কুলটির অধ্যক্ষ সুফিয়া খাতুনকে পাওয়া যায়নি। বিকেলে মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও জবাব মেলেনি।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অভিভাবকেরা গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। একই স্মারকলিপি তাঁরা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনকেও দিয়েছেন। রোববার স্কুলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরত অভিভাবকেরা।
বাংলাদেশ ব্যাংক আদর্শ বিদ্যালয়ে বেতন ৫০ শতাংশ নয়, বরং ৪২ শতাংশ বাড়ানো হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত মঙ্গলবারের প্রতিবেদনে ৫০ ভাগ বাড়ানোর তথ্য দেওয়া হয়েছিল। তবে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে বেতন বাড়ানো হয়নি বলে জানা গেছে।
গতকাল বেলা দুইটায় শিক্ষাসচিব সোহরাব হোসেনের কাছে অভিভাবক ঐক্য ফোরাম স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে শিক্ষার্থীদের ভর্তি নীতিমালার মতো মাসিক বেতন নির্ধারণ ও বাড়ানোর নীতিমালা তৈরির জন্য দাবি জানানো হয়েছে।
চট্টগ্রামে ক্ষুব্ধ অভিভাবকেরা জেলা প্রশাসকের কাছে যাচ্ছেন: ‘চসিক অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’-এর প্রতিনিধি শিখা দে বলেন, বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে আজ চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন। বছরের শুরু থেকে আন্দোলন চললেও সিটি করপোরেশন এখনো নির্বিকার। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, অভিভাবকদের আন্দোলন দুরভিসন্ধিমূলক। তিনি যখন কার্যালয়ে থাকেন না তখন অভিভাবকেরা আসেন। এঁরা প্রকৃত অভিভাবক কি না সে নিয়েও সন্দেহ পোষণ করেছেন তিনি।