সাংবাদিক টিপু সুলতানের আলোচিত নির্যাতন মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ওই সুপারিশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার ফেনী প্রেসক্লাবের আয়োজনে শহরে ওই কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা।জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি, স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকেরা সকাল থেকেই ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে জড়ো হন। বেলা সাড়ে ১১টার দিকে ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকেরা।সমাবেশে সাংবাদিক টিপু সুলতানের মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যাহার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়। মামলার প্রত্যাহারের সুপারিশ বাতিল না হওয়া পর্যন্ত ফেনীবাসীকে সঙ্গে নিয়ে সাংবাদিকেরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।ফেনী প্রেসক্লাবের সভাপতি মীর হোসেনের (মীরু) সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নুরুল করিম মজুমদার, আবু তাহের, আবদুর রহিম, বখতেয়ার ইসলাম (মুন্না), রফিকুল ইসলাম, মামুনুর রশিদ, রবিউল হক, এন এন জীবন, কামাল উদ্দিন ভূঞা প্রমুখ।২০০১ সালের ২৫ জানুয়ারি আওয়ামী লীগের তৎকালীন সাংসদ জয়নাল হাজারীর নেতৃত্বে তাঁর ‘ক্লাস কমিটি’র (ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী) সদস্যরা টিপু সুলতানকে ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হাত-পা গুঁড়িয়ে দেয়। টিপু সুলতান বর্তমানে প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার।তখন টিপু সুলতানের দেওয়া মামলা ফেনী থানার পুলিশ নেয়নি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় পুলিশ মামলাটি নেয়। এ মামলায় প্রধান আসামি জয়নাল হাজারীসহ ১৩ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্রও দেয়। ওই মামলা প্রত্যাহারের সুপারিশ করেছেন ‘বিগত চারদলীয় জোট সরকারের আমলে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির’ সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। গত ১৭ অক্টোবর মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফেনী জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হয়। তা সুবিধাজনক সময়ে আদালতে উপস্থাপনের জন্য এতদিন গোপন রাখা হয়। সম্প্রতি তা প্রকাশ পায়।