প্রত্যেক ধর্মের জন্য পৃথক ফাউন্ডেশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় গবেষণা ও উন্নয়নকাজ এগিয়ে নিতে ইসলামিক ফাউন্ডেশনের মতো প্রত্যেকটি ধর্মের জন্য পৃথক ফাউন্ডেশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
গতকাল শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঐক্য পরিষদের ঢাকা জেলা সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতারা এমন দাবি জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাবিধান ও সম-অধিকার প্রতিষ্ঠায় একটি পৃথক মন্ত্রণালয় করার দাবিও জানান তাঁরা।
এদিন বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও সংসদ সদস্য ঊষাতন তালুকদার। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনন্দ চন্দ্র বাউলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, হিউম্যান গোমেজ ও অধ্যাপক জিনবোধি ভিক্ষু।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাবিধানে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। অনেক লড়াই, অনেক আন্দোলন করে শত্রু সম্পত্তি আইন বাতিল করা গেল। কিন্তু আমরা কি তা বাস্তবায়ন করতে পারছি? যে মন্ত্রণালয় আছে, যে মন্ত্রীরা আছেন, যে আমলারা আছেন, এটি যেন বাস্তবায়ন না হয়, তার জন্য সবাই এক পায়ে দাঁড়ানো।’
এ ছাড়া বৃহস্পতিবার প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার ও মার্কিন কংগ্রেসের প্রস্তাব বিষয়ে একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সুরঞ্জিত। তিনি বলেন, ‘এটা কি আমাদের জন্য খুব গৌরবের কথা? ভারত সম্পর্কে দু-একটি ভালো কথা বললেই আপনি ধর্মনিরপেক্ষ মানুষ হতে পারেন না। আমরা দল করতে পেরেছি কিন্তু ধর্মনিরপেক্ষ আচরণ এবং সেই সংস্কৃতি গড়তে ক্রমেই ব্যর্থ হচ্ছি।’
সম্মেলনের উদ্বোধক সাংসদ ঊষাতন তালুকদার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে। রাষ্ট্রের তো ধর্মের প্রয়োজন হয় না। সংসদে প্রতিদিন শুধু পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। অন্য কোনো ধর্ম থেকে তো পাঠ করা হয় না।’
দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় সম্মেলন থেকে আগামী ২৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। যেখানে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মীয় সংখ্যালঘুরা যোগ দেবেন বলে জানানো হয়।