
চিকিৎসা দেওয়ার সময় প্রত্যেক রোগীকে নিজ পরিবারের সদস্য ভাবতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার বিকেলে ‘অ্যাসোসিয়েশন অব থোরাসিক অ্যান্ড কার্ডিওভাসকুলার সার্জনস অব এশিয়া’ বা এটিসিএসএর ২৬তম বার্ষিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসাবিদ্যা শুধু একটি পেশা নয়, একটি মহান ব্রত। আপনারা নিষ্ঠা ও মেধা প্রয়োগ করে বিশেষজ্ঞ হয়েছেন। আপনাদের মধ্যে সেবাদানের মনোভাব তৈরি করতে হবে।’ চিকিৎসকদের চিকিৎসাসেবায় মনোনিবেশের পাশাপাশি গবেষণা কাজও সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু চিকিৎসাসুবিধা বাড়িয়ে হৃদ্রোগের মৃত্যুহার কমানো যাবে না। কেন এত বেশি মানুষ হৃদ্রোগে আক্রান্ত হচ্ছে, কীভাবে হৃদ্রোগ থেকে মুক্ত থাকা যায়—এসব বিষয়ে গবেষণা হওয়া প্রয়োজন। পাশাপাশি হৃদ্রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্যোগ নিতে হবে। এ জন্য আপনাদের আরও বেশি বেশি গণমাধ্যমে প্রচারণা চালাতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষার জন্য আমরা সব সুবিধা নিশ্চিত করে যাচ্ছি। একের পর এক বিশেষায়িত হাসপাতাল করে দিচ্ছি। আপনারা এসব সুবিধা কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করেন, রোগীদের সর্বোত্তম সেবা দেন—এটাই আমার প্রত্যাশা।’