প্রত্যেককে জন্মসনদ সংগ্রহের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক নাগরিককে নিজের এবং পরিবারের সদস্যদের জন্মসনদ সংগ্রহের আহ্বান জানিয়েছেন। জন্মনিবন্ধন দিবস উপলক্ষে গতকাল শুক্রবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।নাগরিক জীবনের অন্তত ১৬টি ক্ষেত্রে জন্মসনদ ব্যবহারের প্রয়োজন হয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এবারের জন্মনিবন্ধন দিবসের প্রতিপাদ্য—‘জন্মসনদ একটি অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’-এর আলোকে প্রত্যেক নাগরিকের জন্য জন্মসনদ সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার জেলার উখিয়া ও যশোর সদর উপজেলায় ইন্টারনেটে জন্মসনদের তথ্যাবলি পাওয়া যাচ্ছে। শিগগির দেশের নয়টি জেলায় ইন্টারনেটের মাধ্যমে জন্মসনদ বিতরণের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের সব জেলায় বিস্তৃত হবে। এর ফলে নিবন্ধনপ্রক্রিয়া ঝামেলামুক্ত ও সহজ হবে। দেশের সব নাগরিকের জন্মসনদ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোকে নিরলসভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ জন্য তিনি প্রাথমিক ও গণশিক্ষা, এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগকে স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার আহ্বান জানান।ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ দেশের প্রত্যেক নাগরিককে জন্মসনদ দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।