প্রত্যেককে তিনটি করে গাছ লাগাতে বললেন প্রধানমন্ত্রী

প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নাগরিককে অন্তত একটি বনজ, একটি ফলদ ও একটি ভেষজ বৃক্ষের চারা লাগাতে হবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জনগণের অংশগ্রহণ প্রতিষ্ঠিত হবে।
আজ রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০১৫ এবং জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার মতো কঠিন কাজ করা সম্ভব নয়। এ জন্য দেশের সব নাগরিককে পরিবেশ সম্পর্কে সচেতন ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগী হতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের জগৎ মাতার সুরক্ষায় আমরা সবাই যত্নবান হলে সবুজ প্রবৃদ্ধি বিকাশের মাধ্যমে দেশের অপরিচ্ছন্ন পরিবেশের ব্যাপক পরিবর্তন আনতে পারি। আমরা এ পৃথিবীকে যতটুকু যত্নে লালন করব, পৃথিবী ঠিক ততটুকু সম্ভাবনা ধারণ করবে আমাদের জন্য। কাজেই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ আমাদের নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে করতে হবে।’
রাজধানীর গুলশান ও ধানমন্ডি এই দুইটি লেকের অবৈধ দখল ও দূষণ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘ওই এলাকায় পানির প্রবাহ স্বাভাবিক রাখতে লেকের বিস্তার ও গভীরতা বজায় রাখা হবে। গত কয়েক বছরে লেকের উল্লেখযোগ্য অবৈধ দখল অপসারণ করা হয়েছে।’
এর আগে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার জন্য আইনজীবী মনজিল মোরসেদ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুল মুকিত মজুমদারকে পরিবেশ পদক-২০১৫ প্রদান করেন। এ বছর বন ও বন্য প্রাণী সংরক্ষণে সচেতনতা সৃষ্টির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মনিরুল হাসান ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), নওগাঁ ভিত্তিক বেসরকারি সংস্থা নিশানেরর পরিচালক মহিদুল রহমান এবং রাজশাহীর পুঠিয়ার এম আবদুল হামিদ বঙ্গবন্ধু বন্য প্রাণী সংরক্ষণ পদক লাভ করেন। প্রধানমন্ত্রী সামাজিক বনায়নে নওগাঁ ও গাজীপুরের দুজনকে মুনাফার চেক প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী কৃষিবিদ ইনস্টিটিউশনের চত্বরে একটি হৈমন্তীর চারা রোপণ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে বৃক্ষমেলা-২০১৫ উদ্বোধন করেন।