প্রত্যেককে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইজিপি এ কে এম শহীদুল হক
আইজিপি এ কে এম শহীদুল হক

প্রতি বাড়িতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, ঘরে ঘরে পাহারা দিয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারবে না। এ জন্য প্রত্যেকের নিরাপত্তাবোধের পাশাপাশি নিরাপত্তাবলয় তৈরি করতে হবে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা থাকবে।
রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনাস্থল গতকাল মঙ্গলবার পরিদর্শন শেষে আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন। গত সোমবারের এই জোড়া খুন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ধারণা, খুনিরা দীর্ঘদিন রেকি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
শহীদুল হক বলেন, হত্যাকাণ্ডটি যে জায়গায় হয়েছে সেটি একটি ‘সিকিউরড প্লেস’। এমন জায়গায় হত্যাকাণ্ডের পর স্থানীয় জনগণ যদি বেরিয়ে আসত, তাহলে হয়তো দুর্বৃত্তদের আটক করা সম্ভব হতো। হত্যাকারীদের ধরতে পুলিশ আন্তরিকতার সঙ্গে সর্বশক্তি দিয়ে কাজ করবে।
সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে একই গোষ্ঠী জড়িত কি না—জানতে চাইলে শহীদুল হক বলেন, প্রতিটি একই সূত্রে গাঁথা নয়। তবে রাজশাহীতে যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে এই হত্যাকাণ্ডের মিল আছে। তিনি বলেন, ‘রাজশাহীর ঘটনায় আমরা অনেক দূর এগিয়ে গেছি। আশা করছি, খুনিদের গ্রেপ্তার করতে পারব। এ ঘটনারও (কলাবাগানের খুন) তদন্ত শুরু হয়েছে, আমাদের একটু সময় দিতে হবে।’
যে ভবনে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যা করা হয়েছে সেই ভবনে সিসি ক্যামেরা নেই। এ প্রসঙ্গে আইজিপি বলেন, প্রতিটি অ্যাপার্টমেন্ট বা স্বতন্ত্র বাড়ির সবাইকে সিসি ক্যামেরা লাগানোর জন্য অনুরোধ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। প্রতিটি মহল্লার সমিতির সঙ্গে বৈঠক করা হয়েছে। কিন্তু সবাই যদি সিসি ক্যামেরা না লাগায়, তাহলে তাদের বাধ্য করা যায় না।