প্রত্যয়নপত্রে মৃত শহীদ মুক্তিযোদ্ধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরে ঢোকার মুখে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হরিপুর সেতু পার হয়েই ডানে চোখে পড়বে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) নায়েক শহীদ মুক্তিযোদ্ধা নবীর উদ্দীনের কবর। কবরটি আগে ছিল সড়কের অপর পারে। সড়ক প্রশস্ত করার জন্য এ পারে প্রতিস্থাপন করা হয়েছে। মুক্তিযোদ্ধা হওয়ায় কবর প্রতিস্থাপন করা হলেও প্রত্যয়নপত্রের ভুল সংশোধন করা হয়নি। তাই এ শহীদ মুক্তিযোদ্ধার পরিবার আজও পায়নি শহীদ মুক্তযোদ্ধার ভাতা।
গতকাল শুক্রবার বিজয় দিবসের দিনে নওগাঁর বদলগাছি উপজেলার কুলা ইউপির ঝাড়ঘোরিয়া গ্রামের বাসিন্দা নবীর উদ্দীনের স্ত্রী মাজেদা বেগম (৭৫) দুই মেয়ে, এক ছেলে, এক মেয়ের জামাই ও নাতনিকে সঙ্গে নিয়ে এসেছিলেন স্বামীর কবর জিয়ারত করতে। এ সময় সেখানে উপস্থিত হন হরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা পুলিশের অবসরপ্রাপ্ত এসআই নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ও আমিরুল হক। তাঁরাও জিয়ারত করেন শহীদ এই মুক্তিযোদ্ধার কবর।
পরে মাজেদা বেগম বলেন স্বামী শহীদ হওয়ার পর প্রত্যয়নপত্রের ভুলে তাঁর পরিবারের বঞ্চনার কাহিনি। মুক্তিযুদ্ধের শেষ দিকে ১৩ ডিসেম্বর অকুতোভয় এ মুক্তিযোদ্ধা নবাবগঞ্জ শহর দখলের লড়াইয়ে সেতুর পাশে শত্রুসেনার বাংকার দখল করতে সম্মুখযুদ্ধে নামেন। ওই বাংকারেই শহীদ হন তিনি। সেখানেই হয় শহীদ মুক্তিযোদ্ধার সমাধি। নবীর উদ্দীন শহীদ হওয়ার পর মাজেদা বেগম নিজে গৃহকর্মীর কাজ করে অন্নসংস্থান করতেন শিশুসন্তানদের। মেয়ে দুটি বড় হওয়ার পর তাঁদেরও অন্যের বাড়িতে কাজ করতে দেন। পরে জয়পুরহাট জেলার দরজি কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় বড় মেয়ের। অনেক দেনদরবার করে শেষ পর্যন্ত ২০১৪ সাল থেকে পরিবারটি মুক্তিযোদ্ধার সাধারণ ভাতা পায়। কিন্তু মুক্তিযোদ্ধার প্রত্যয়নপত্রে নবীর উদ্দীনকে মৃত উল্লেখ করায় শহীদ মুক্তিযোদ্ধার ভাতা পরিবারটি আজও পায়নি। এই শহীদ মুক্তিযোদ্ধার ছেলে নূর ইসলামকে আজও রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়।
উপস্থিত মুক্তিযোদ্ধারা বলেন, এটা দুঃখজনক। নবীর উদ্দীন ইপিআরের সদস্য হওয়ায় এখানকার মুক্তিযোদ্ধা নেতারা তাঁর খোঁজ নেননি। অন্যদিকে স্বাধীনতার পর বাংলাদেশ রাইফেলস বাহিনীও এই শহীদ পরিবারের প্রতি যথাযথ ব্যবস্থা নেয়নি।
নবীর উদ্দীনের জামাই কামাল হোসেন জানান, ২০০৪ সালে প্রকাশিক গেজেটে বাংলাদেশ রাইফেলসের মুক্তিযোদ্ধার তালিকায় নবীর উদ্দীনের নম্বর ৩৯৫৫। ২০০৫ সালে প্রকাশিত গেজেটে মুক্তিযোদ্ধার তালিকায় তাঁর নম্বর ১৪৮৯। এখানে তাঁকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে।