
পাঁচ বছর আগে সরকার যখন ক্ষমতা নেয়, সে সময় গরিবের মোটা চালের দাম ছিল প্রতি কেজি ২৭ টাকা। সেই চাল এখন বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকায়। মাঝে সব ধরনের চালের দাম আরও বাড়লেও চলতি বছরের শুরুর দিকে দর কিছুটা কমেছিল। কিন্তু দুই মাস ধরে চালের দাম আবার বাড়ছে।
আওয়ামী লীগ সরকারের গত পাঁচ বছরের মূল্যস্ফীতির চিত্রটিও ছিল একই রকম। ক্ষমতা নেওয়ার বছর ২০০৯ সালে মূল্যস্ফীতি ছিল খানিকটা কম। ২০১০ ও ২০১১ সাল মূল্যস্ফীতির চাপ বেড়ে কষ্ট বাড়িয়ে দেয় সীমিত আয়ের সাধারণ মানুষের। সে সময় মূল্যস্ফীতির হার বিপজ্জনকভাবে ১০ শতাংশ ছাড়িয়ে যায়। ২০১২ সালের মাঝপথে এসে চাপ কিছুটা কমলেও এখন আবার বাড়ছে।
গত বুধবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং বৃহস্পতিবার বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, মূল্যস্ফীতি খানিকটা কমলেও এখনো এই হার অনেক বেশি।
অথচ নির্বাচনের আগে কম দামে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটার আকৃষ্ট করেছিল আওয়ামী লীগ। এমনকি নির্বাচনী ইশতেহারেও প্রথম অগ্রাধিকার ছিল ‘দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ’। কিন্তু পাঁচ বছরে পূরণ হয়নি প্রথম অগ্রাধিকার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছরে দেশে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৭০ শতাংশ। ওই অর্থবছরের অর্ধেক সময় পার হওয়ার পর, জানুয়ারিতে ক্ষমতা নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার। আর শাসন ক্ষমতার শেষ পূর্ণ অর্থবছরে, অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরের শেষে এসে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৭০ শতাংশ।
মাঝখানের চিত্রটি অবশ্য আরও খারাপ। বিবিএসের হিসাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বছরান্তে মূল্যস্ফীতির হার আগের বছরের চেয়ে বেড়েছে। যেমন ২০০৯-১০ অর্থবছরে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৩০ শতাংশ, ২০১০-১১ অর্থবছরে ৮ দশমিক ৮০ শতাংশ এবং ২০১১-১২ অর্থবছরে ১০ দশমিক ৬২ শতাংশ।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নিয়েছিল ভালো একটি সময়ে। বিশ্বমন্দার কারণে বিশ্বব্যাপী তখন কমছিল খাদ্যপণ্যের দাম। এতে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা খুব বেশি কষ্টকর হয়নি। ফলে ২০০৮ সালের সেপ্টেম্বরে যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক শূন্য ৬ শতাংশ, ২০০৯ সালের জুনে তা নেমেছিল ২ দশমিক ২৫ শতাংশে। এর পর থেকেই পরিস্থিতি আবার পাল্টাতে শুরু করে। বাড়তে থাকে মূল্যস্ফীতির চাপ।
গত কয়েক মাস ধরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমে গেছে। আর এ কারণেই এখন মূল্যস্ফীতি আগের তুলনায় কিছুটা কম। যদিও সূচক কমলেও এখনো এর মাত্রা বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষকে যে বাড়তি অর্থ ব্যয় করতে হয়, সেই অর্থকে বলা হয় একধরনের বাধ্যতামূলক কর। দেশের মানুষকে এই কর দিয়ে আসতে হচ্ছে। এতে ক্রয়ক্ষমতা কমছে সীমিত আয়ের মানুষের।
সরকারপ্রধানসহ মন্ত্রীরাও বক্তৃতা দিচ্ছেন যে দ্রব্যমূল্য বাড়লেও তার তুলনায় মানুষের আয় বেড়েছে। ফলে মূল্যস্ফীতির চাপ সহ্য করতে হচ্ছে না। মানুষের আয় বাড়লেও কতটা বেড়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে মাথাপিছু আয় বাড়ার একটি হিসাব পাওয়া যায়। পুরোনো ভিত্তি বছর ধরলে ২০০৮-০৯ অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৬৭৬ ডলার। আর ২০১২-১৩ অর্থবছর শেষে তা বেড়ে হয়েছে ৯২৩ ডলার। বৃদ্ধির হার প্রায় ৩৭ শতাংশ। আর একই সময়ে দেশে মূল্যস্ফীতি বেড়েছে ৪৫ শতাংশের বেশি।
নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল: ‘দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে। দেশজ উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সময়মতো আমদানির সুবন্দোবস্ত, বাজার পর্যবেক্ষণসহ বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হবে। মজুতদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, চাঁদাবাজি বন্ধ করা হবে। “ভোক্তাদের স্বার্থে ভোগ্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ” গড়ে তোলা হবে। সর্বোপরি সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করে দ্রব্যমূল্য কমানো হবে ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হবে।’
ইশতেহারে উল্লিখিত ‘মজুতদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট’ ভেঙে দেওয়া ও ‘চাঁদাবাজি’ বন্ধ করার ক্ষেত্রে বাস্তবে ঘটেছে উল্টো। বিশেষত চাঁদাবাজির বিস্তার ঘটেছে ব্যাপকভাবে। পথে পথে পণ্যবাহী ট্রাকে পুলিশের চাঁদাবাজি, পাইকারি বাজারে সমিতির নামে চাঁদাবাজি, সরকারদলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি কোনোটিই বাদ পড়েনি।
অন্যদিকে মজুতদারি ও সিন্ডিকেটের অভিযোগ গত পাঁচ বছরে বারবার উঠেছে। সরকারের নীতি-নির্ধারকেরাও বিভিন্ন সময়ে মজুতদারি ও সিন্ডিকেটের অভিযোগ করেছেন। তবে কোনো সিন্ডিকেট চিহ্নিত করা সম্ভব হয়নি, ভেঙে দেওয়া তো দূরের কথা।
ভোক্তাদের স্বার্থে ভোগ্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়নি। অবশ্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করা হয়েছে। সুতরাং, দেখা যাচ্ছে প্রথম অগ্রাধিকার পূরণে সফলতা সামান্যই।