আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম অনুষ্ঠান ছিল প্রায় কর্মীশূন্য। আসেননি প্রধান অতিথি সজীব ওয়াজেদ জয়ও৷
৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে গতকাল বুধবার থেকে কাল শুক্রবার পর্যন্ত টানা তিন দিনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে প্রতিদিন বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য। এসব কর্মসূচি সফল করতে প্রায় দুই মাস ধরে দলটি বিভিন্ন বৈঠক করেছে।
গতকাল প্রথম দিনের আলোচনা সভায় কর্মীদের উপস্থিতি ছিল খুবই কম৷ এ অবস্থায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আর অনুষ্ঠানে আসেননি। অবশ্য সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, অসুস্থতার কারণে জয় আসতে পারেননি৷
সজীব ওয়াজেদ জয় আসবেন না—এই ঘোষণার সঙ্গে সঙ্গে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছারসহ কয়েকজন চলে যান৷
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, তাড়াহুড়ো করে অনুষ্ঠানের আয়োজন করায় লোকসমাগম হয়নি। লোক বাড়াতে আগামীকাল (আজ) বেলা ১১টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভা করবে।
সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার দলছুট হলে দল আমলানির্ভর হয়ে পড়ে। দেশ চালাতে হলে রাজনীতিকদের প্রয়োজন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান প্রমুখ।