মানবতাবিরোধী অপরাধের বিচার:আজহারের বিরুদ্ধে মামলা
প্রথম অভিযোগের বিষয়ে যুক্তি দিল আসামিপক্ষ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে আসামিপক্ষ। যুক্তি দিতে গিয়ে আসামিপক্ষ দাবি করেছে, আজহার যদি জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল না হতেন, তবে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হতো না।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল প্রথম অভিযোগের বিষয়ে যুক্তি দেন আজহারের আইনজীবী আবদুস সোবহান তরফদার। এ সময় আজহার আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
আসামিপক্ষের যুক্তি, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করার পর আজহারুল ইসলামকে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল করা হয়। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পরেই আজহারুলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
আজহারুলের বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো, একাত্তরে রংপুর শহর শাখা ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি আজহারুল, পাকিস্তানি সেনা, জামায়াত ও ছাত্রসংঘের নেতাদের পরিকল্পনা ও নীলনকশার অংশ হিসেবে একাত্তরের ২৪ মার্চ ১১ জনকে অপহরণ করে রংপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে এক সপ্তাহ আটকে রেখে নির্যাতনের পর ৩ এপ্রিল তাঁদের দখিগঞ্জ শ্মশানে নিয়ে নির্বিচারে গুলি করা হয়। তাঁদের মধ্যে ডা. দীনেশ চন্দ্র ভৌমিক ওরফে মন্টু ডাক্তার ভাগ্যক্রমে বেঁচে যান।
এই অভিযোগের পক্ষে সাক্ষ্য দেন দীনেশের ছেলে রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী রতীশ চন্দ্র ভৌমিক। তিনি ঘটনাটি তাঁর বাবার কাছে শুনেছেন। দীনেশ ১৯৮৯ সালের নভেম্বরে মারা যান।
এ অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপনের সময় আবদুস সোবহান তরফদার বলেন, রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কীভাবে আজহারুল অপহরণ ও হত্যার পরিকল্পনা করেছেন এবং নীলনকশা বাস্তবায়ন করেছেন। একাত্তরে আজহারুল ছিলেন ১৮-১৯ বছরের যুবক। একজন ছাত্রের পক্ষে রংপুর ক্যান্টনমেন্টে ঢোকা সম্ভব নয় এবং হত্যার নীলনকশা করাও সম্ভব নয়। এ ছাড়া দীনেশ চন্দ্র কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি রংপুরের একজন নামকরা চিকিৎসক, তিনি রংপুর জেলা কৃষক লীগের সভাপতি ছিলেন। তিনি একাত্তরে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হয়েও ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগ পর্যন্ত ওই অপরাধীদের আইনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা কেন করলেন না?
প্রথম অভিযোগের বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আজ বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবি করা হয়।