২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রথম অভিযোগপত্র দাখিলকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুল কবীরের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর সাক্ষ্য গ্রহণ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন।
এরপর পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন, হারিছ চৌধুরীসহ চারজনের পক্ষে ফজলুল কবীরকে জেরা করা হয়। অন্য আসামিদের পক্ষের জেরার জন্য আদালত ১৯, ২০ ও ২১ জুন পরপর তিন দিন জেরার জন্য দিন ধার্য করেছেন।
ফজলুল কবীর তাঁর সাক্ষ্যে বলেন, তিনি মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ৯ জুন বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিন, জেএমবির শীর্ষনেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেন। তদন্তকালে তিনি জব্দ করা আলামত শনাক্ত করেন। তিনি বলেন, জঙ্গি নেতা মুফতি হান্নান আদালতে স্বীকারোক্তি দিয়ে গ্রেনেড হামলার কথা স্বীকার করেছেন।
সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া প্রথম আলোকে বলেন, দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালে ৯ জুন ফজলুল কবীর এই মামলার প্রথম অভিযোগপত্র আদালতে দাখিল করেন। গতকাল পর্যন্ত মোট ২২৪ জন সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষ্য গ্রহণের সময় লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, মুফতি আবদুল হান্নানসহ কারাবন্দী ২৩ জন আসামি আদালতে হাজির ছিলেন।