প্রথম অস্ত্রোপচারেই ক্লিনিকটিতে রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রের (ক্লিনিক) কর্তৃপক্ষের অবহেলা ও চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের কারণে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর স্বজন ও স্থানীয় জনতা ওই ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।
গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ছাতকের ‘জাবা মেডিকেল সেন্টার’ নামের ওই প্রতিষ্ঠানে এটিই ছিল প্রথম অস্ত্রোপচার। মৃত স্কুলছাত্র মনোজিত দাসের বাড়ি (১২) উপজেলার ইসলামপুর ইউনিয়নের জামুরা গ্রামে। তার বাবার নাম মতিন্দ্র দাস। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মনোজিতের পেটে ব্যথার কারণে পরিবারের লোকজন গত বুধবার সকালে তাকে ছাতক শহরের থানা রোডের ওই ক্লিনিকে নিয়ে যান। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তখন জানান, মনোজিতের অ্যাপেন্ডিসের সমস্যা হয়েছে, দ্রুত অস্ত্রোপচার করতে হবে। এ জন্য ১২ হাজার টাকা লাগবে।
সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সমীরণ চন্দ্র নাথের নেতৃত্বে মনোজিতের অস্ত্রোপচার হয়। প্রতিষ্ঠানে কোনো রোগীর শরীরে প্রথম অস্ত্রোপচারের বিষয়টি রাত আটটার দিকে স্থানীয় সাংবাদিকদের ডেকে জানানো (ব্রিফিং) হয়। স্থানীয় সংবাদকর্মীরা জানান, ব্রিফিংয়ে চিকিৎসক সমীরণ চন্দ্র নাথ জানিয়েছিলেন, মনোজিতের অস্ত্রোপচার সফল হয়েছে। কিন্তু এর আধা ঘণ্টা পরেই তার অবস্থার অবনতি হয়। তখন ওই চিকিৎসক জানান, তার পেটের অন্য স্থানে সমস্যা আছে। বৃহস্পতিবার (গতকাল) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি অস্ত্রোপচার করতে হবে। এরপর মনোজিতকে অস্ত্রোপচারকক্ষে রেখে রাতেই চিকিৎসকেরা ছাতক ছেড়ে যান। সুনামগঞ্জ সদর হাসপাতালে মতিন্দ্র দাস জানান, রাতে মনোজিতকে দেখতে দেওয়া হয়নি। গতকাল ভোরে ক্লিনিকের লোকজন একটি অ্যাম্বুলেন্স এনে তাকে সিলেটে নেওয়ার ব্যবস্থা করেন।
মতিন্দ্র দাস বলেন, ‘সিলেট নেওয়ার পর ডাক্তারেরা বলেছেন, রোগী পাঁচ-ছয় ঘণ্টা আগেই মারা গেছে। কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই আমার ছেলের অপারেশন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং চিকিৎসকের ভুল অপারেশনের কারণেই আমার ছেলে মারা গেছে। আমি তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করব।’ মনোজিতের মৃত্যুর খবরে তার আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে ওই ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। অবশ্য এর আগেই ক্লিনিকের লোকজন প্রতিষ্ঠানে তালা দিয়ে সটকে পড়েন।
জাবা মেডিকেল সেন্টারের মালিক জাহাঙ্গীর আলম জানান, তাঁদের প্রতিষ্ঠান চালু হয়েছে তিন বছর আগে। কিন্তু অস্ত্রোপচার এটাই প্রথম। তিনি বলেন, ‘অভিজ্ঞ ডাক্তাররা অপারেশন করেছেন। অপারেশন সফল হয়েছিল। কিন্তু পরে কীভাবে কী হলো বুঝতে পারছি না।’ ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি গতকাল বিকেলে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।