প্রথম আলো অনলাইন ইংরেজি পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সর্বাধিক পঠিত বাংলা ওয়েব পোর্টাল প্রথম আলোর ইংরেজি ভার্সনের যাত্রা শুরু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন।
বর্তমানে বিশ্বের ২১২ টি দেশ ও অঞ্চল থেকে বিপুলসংখ্যক পাঠক অনলাইনে প্রথম আলো পড়েন। দেশে এবং দেশের বাইরের পাঠকদের ইংরেজিতে খবর পৌঁছানোর লক্ষ্যে ইংরেজি ভাষায় প্রথম আলোর নতুন এ পোর্টালটি চালু হলো। অনলাইনে en. prothom-alo. com এই ঠিকানায় ইংরেজি পোর্টালটি পাঠকেরা দেখতে পারবেন এবং খবর পড়তে পারবেন।

রাজধানীর গুলশানে একটি হোটেলে আজ সন্ধ্যায় প্রথম আলো অনলাইন ইংরেজি নিউজ পোর্টালের উদ্বোধন করা হয়। ইংরেজি পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। ছবি: জাহিদুল করিম
রাজধানীর গুলশানে একটি হোটেলে আজ সন্ধ্যায় প্রথম আলো অনলাইন ইংরেজি নিউজ পোর্টালের উদ্বোধন করা হয়। ইংরেজি পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। ছবি: জাহিদুল করিম

অনুষ্ঠানে লতিফুর রহমান বলেন, বর্তমানে দেশের তরুণ প্রজন্মের অনেকেই ইংরেজিতে খবর পড়তে পছন্দ করেন। ইংরেজি পোর্টাল চালুর মাধ্যমে তাঁদের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলে প্রথম আলো নিজেদের যাত্রা শুরু করল। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দ্বিতীয় প্রজন্ম অনেকেই বাংলাদেশ সম্পর্কে জানতে চান। তাঁদের অনেকেই বাংলার চেয়ে ইংরেজিতে স্বাচ্ছন্দ্য। প্রথম আলোর ইংরেজি ভার্সন তাঁদের বাংলাদেশকে যুক্ত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো দল নিরপেক্ষ সত্য প্রকাশে কখনো পিছপা হবে না, এটা পাঠকের কাছে প্রথম আলোর অঙ্গীকার। প্রথম আলো ছাপা সংস্করণ দেশের বাইরে পৌঁছে গেছে। ইংরেজি ভার্সনের মাধ্যমেও নতুন পাঠকদের কাছেও পৌঁছে যাবে প্রথম আলো। প্রথম আলোর সব সময় ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরে, তরুণদের অনুপ্রাণিত করে।
প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিন গত এক বছরে প্রথম আলো ডিজিটালের নেওয়া নতুন নতুন বিষয়গুলো অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থার নির্বাহীদের সামনে তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান এবং সঞ্চালনায় ছিলেন প্রথম আলো ডিজিটালের ব্যবস্থাপক স্টিভ এ্যান্থনি জ্যাকব।