প্রথম আলো আরডিএস বিতর্ক উৎসব শুরু
‘বিতর্কের নির্যাসে ঋদ্ধ হোক প্রতিটি মনন’ স্লোগান নিয়ে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শুরু হয়েছে জাতীয় বিতর্ক উৎসব। গতকাল বৃহস্পতিবার রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে শুরু হয় তিন দিনব্যাপী ‘প্রথম আলো-আরডিএস’ সপ্তম জাতীয় বিতর্ক উৎসব-২০১৬।
এদিন সকালে রেমিয়েন্স ডিবেটিং সোসাইটি আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান। তিনি বলেন, ‘সময়ের প্রয়োজনে আমরা এমন একটি বিস্তৃত জগতে প্রতিনিধিত্ব করছি, যেখানে জ্ঞানচর্চার পাশাপাশি মেধা ও বুদ্ধিকে শাণিত করে তোলে বিতর্ক। আমরা তর্ক করি অন্যায়কে প্রতিহত করতে, যুক্তি দেখাই সত্যকে প্রতিষ্ঠিত করতে।’
উদ্বোধনী পর্বে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কেউ জিতবে কেউ হারবে, তাতে কিচ্ছু যায়-আসে না। পরাজয়টাও শিক্ষা।’ অনুষ্ঠানের আহ্বায়ক রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরেদৗস আরা বেগম বলেন, বিতর্ক ঝগড়া বা যুদ্ধ নয়। বিতর্ক মানুষকে ঋদ্ধ করে।
উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি সাফওয়াত মোনতাসীর সাবিত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাবেরা সুলতানা।
তিন দিনের এই উৎসবে শিশু বিতর্ক, স্কুল বিতর্ক, ক্লাব বিতর্ক ও বারোয়ারি বিতর্ক থাকছে। ঢাকাসহ দেশের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী অংশ নিচ্ছে। উৎসব চলবে ২৭ আগস্ট পর্যন্ত। উৎসবের টাইটেল স্পনসর প্রথম আলো, আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।