প্রথম আলো ট্রাস্টের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের বোর্ডসভায় সর্বসম্মতভাবে এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ট্রাস্টের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরীকে ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
১১ এপ্রিল শনিবার প্রথম আলোর সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ২০১৪ সালের ট্রাস্টের কর্মকাণ্ড ও ২০১৫ সালের কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। বোর্ডের নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর ট্রাস্ট পরিচালনা করবে।
এর আগে দুই মেয়াদে ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডা. সামন্তলাল সেন ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন সানি ডেল স্কুলের প্রধান শিক্ষিকা তাজিন আহমেদ। ট্রাস্টের কাজ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য বোর্ড সদস্যরা মুহাম্মদ আজিজ খানকে ধন্যবাদ দেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ী চেয়ারম্যান সফলভাবে ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করার জন্য বোর্ড সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
কুতুবউদ্দিন আহমেদ ট্রাস্টের বিভিন্ন চলমান কর্মকাণ্ড যেমন অ্যাসিডদগ্ধ নারীদের সহায়তা, মাদকবিরোধী আন্দোলন, দুর্গম এলাকায় স্কুল প্রতিষ্ঠা, দরিদ্র মেধাবীদের শিক্ষা সহায়তা ইত্যাদি কাজ আরও জোরদার ও বিস্তৃত পরিসরে করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সভায় ট্রাস্টের সদস্য হিসেবে আরও তিনজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা হলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভিন হাসান এবং লেখক ও সাংবাদিক আনিসুল হক। ট্রাস্টের অন্য সদস্যরা হলেন তানজীব উল আলম, মতিউর রহমান ও আব্দুল কাইয়ুম।
প্রথম আলো ট্রাস্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী ২০০৯ সালের মে মাসে এটি গিঠত হয়। ট্রাস্ট পরিচালিত হয় জনসাধারণ এবং বিভিন্ন কল্যাণকামী প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায়। প্রথম আলোর দেশব্যাপী সব প্রতিনিধি এবং বন্ধুসভার সদস্যরা এর সব কর্মকাণ্ডে সরাসরি সহযোগিতা করে থাকেন।