প্রথম আলো তারুণ্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী প্রথম আলো তারুণ্য উৎসব শুরু হয়েছে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। বিশ্ববিদ্যালয়ের বিতর্কবিষয়ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের স্লোগান হচ্ছে ‘ঝড়ের বাতাস চাই’।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ মশিউল হক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফারুক উজ জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যের শক্তিতেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তরুণেরাই দেশকে সমৃদ্ধ আগামী উপহার দেবে।
পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আতশবাজি ও ফানুস ওড়ানো হয়। এরপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে নয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়। সবশেষে ছিল সংগীতসন্ধ্যা। এর আগে বিকেলে উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
আয়োজকেরা জানান, এ নিয়ে ষষ্ঠবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে অংশ নিচ্ছে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়।