হেমন্তের বেলা শেষে শীতের সন্ধ্যা। ঘড়ির কাঁটা সাড়ে সাতটা ছুঁই ছুঁই। কনভেনশন চত্বর তখন পাঠক-অতিথিদের আড্ডায় মুখর। পারস্পরিক শুভেচ্ছা, কুশল বিনিময় এবং অন্তরঙ্গ আলাপ-আড্ডায় প্রীতিসমাবেশ রূপ নিল অন্য রকম এক মিলনমেলায়।
প্রথম আলোর ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার বগুড়ায় ডিসি বাংলো সড়কের কনভেনশন সেন্টারে শুভানুধ্যায়ীদের নিয়ে এই প্রীতিসমাবেশের আয়োজন করা হয়।
অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর বগুড়া প্রতিনিধি মো. আনোয়ার পারভেজ। এরপর মঞ্চে আসেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। বক্তব্যের শুরুতেই তিনি অতিথিদের একটি ভিডিওচিত্র দেখার আমন্ত্রণ জানান।
এরপর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের হার না মানা মেয়েদের ফুটবলে দুর্দান্ত সাফল্য নিয়ে প্রথম আলোর নির্মিত অদম্য মেয়েরা তথ্যচিত্রটি দেখানো হয়।
এরপর আবার মঞ্চে আসেন আনিসুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করতে জানে। প্রথম আলো সেই সম্ভাবনাকে তুলে ধরবে। প্রথম আলোর শক্তি ৫৫ লাখ পাঠক, সেই পাঠকদের জানাই ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘দেশকে এগিয়ে নিতে প্রয়োজন মানুষের সম্মিলিত প্রচেষ্টা। মানুষকে এগিয়ে নিলেই দেশ এগিয়ে যাবে। প্রথম আলো বাংলাদেশের মানুষকে এগিয়ে নেওয়ার কাজ করছে, করে যাবে।’
১৭ বছরের সাহসী পথচলায় প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন কবি বজলুল করিম বাহার। তিনি বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে, সমাজকে ঋদ্ধ করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রথম আলো।
অনুষ্ঠানের একপর্যায়ে পাঠকের মুখোমুখি হয় প্রথম আলো। এ পর্বে অতিথিরা পাঠক হিসেবে প্রথম আলোর কাছে নানা প্রশ্ন করেন। প্রশ্নের জবাব দেন সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলোর বিশাল বাংলা বিভাগের প্রধান তুহিন সাইফুল্লাহ, সার্কুলেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সুব্রত শীল এবং আনোয়ার পারভেজ।
এরপর গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর আলম সজীব। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা যোগ দেন নৈশভোজে। হেমন্তের আনন্দঘন এক স্মৃতিময় সন্ধ্যার রেশ নিয়ে শেষ হয় উৎসব।
অনুষ্ঠানে যোগ দেন বগুড়া-১ (সদর) আসনের সাংসদ ও বিরোধী দলের হুইপ নূরুল ইসলাম ওমর, বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস উল আলম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, র্যাব-১২ বগুড়ার অধিনায়ক মেজর এ এফ এম আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম, জেলা সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলাম, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান, দৈনিক উত্তরের খবর সম্পাদক আবদুস সালাম, জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ, আর্মড পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম, বিএমএ জেলা কমিটির সভাপতি মোস্তফা আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান প্রমুখ।