প্রথম আলো পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে গতকাল রোববার প্রথম আলো পরিবারের পক্ষ থেকে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মুস্তাফা জামান আব্বাসী হামদ ও নাত পরিবেশন করেন। ইফতারের আগে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন জামিয়া আম্বর শাহ আল-ইসলামিয়া ও এতিমখানার শিক্ষক মাওলানা মোহাম্মদ নুরুল হক শেখ। এরপর মোনাজাত করেন এই মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা মামুনুর রশীদ। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদকসহ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের কর্মীরা অংশ নেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার: এদিকে প্রতিবছরের মতো এবারও মাদ্রাসার ছাত্র ও এতিম শিশুদের ইফতার করাল প্রথম আলো। গতকাল রাজধানীর তেজগাঁও মদিনাতুল উলুম মহিলা ও বালক কামিল মাদ্রাসার এক হাজার ১৫০ শিক্ষার্থীর জন্য প্রথম আলোর পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।
অন্যবারের মতো এবারও ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, খেজুর, কলা, জিলাপি, ফলের শরবত ও দই-চিড়া রাখা হয়।
ইফতার অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মো. তাজুল আলম, তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসম্পাদক হেলাল চৌধরীসহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে মাদ্রাসার অধ্যক্ষ মো. তাজুল আলম মোনাজাত করেন। তিনি দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এ সময় প্রথম আলোর কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।
এতিমদের জন্য ইফতার: এর আগে ১৫ জুলাই কারওয়ান বাজারের জামিয়া আল-ইসলামিয়া আম্বর শাহ মাদ্রাসা ও এতিমখানার ৩০০ এতিম শিশুর জন্য ইফতারের আয়োজন করে প্রথম আলো। গত বছরও প্রথম আলো এ আয়োজন করেছিল।