
ভালো শিক্ষার্থী হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হতে গেলে চাই সুকুমার বৃত্তির চর্চা। তাই পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির যেকোনো ধারায় নিজেকে সম্পৃক্ত করা প্রয়োজন।
প্রথম আলো-শেল্টেক্ চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় সাংস্কৃতিক দল মূর্ছনা। এবারের তিন দিনের উৎসবে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, কিছু অর্জন করতে হলে চর্চা থাকতে হয়। থাকতে হয় একটা লক্ষ্য। আর থাকতে হয় একটা অদ্ভুত খেয়ালিপনা। এটা না থাকলে মানুষ পরিপূর্ণ বিকশিত হতে পারে না। এখন কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পড়াশোনা করতে দেখা যায়। এ দিয়ে ভালো ছাত্র হওয়া গেলেও ভালো মানুষ হওয়া যায় না। অন্তত একটি সুকুমার বৃত্তির চর্চা করতে হবে। সেটা করলেই মানুষ হওয়া যাবে। সেদিক থেকে এ ধরনের সাংস্কৃতিক উৎসবের গুরুত্ব অনেক বলে তিনি মন্তব্য করেন।
নিজের বক্তব্য উপস্থাপনের সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক উদ্ধৃত করেন বিখ্যাত স্থপতি ফজলুর রহমান খানের একটি উক্তি, ‘একজন প্রযুক্তিবিদকে কেবল তাঁর নিজের প্রযুক্তির মধ্যে হারিয়ে গেলে চলবে না। তাঁকে জীবনকে বরণ করতে হবে—এবং জীবন হলো শিল্প, নাটক, সংগীত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, জীবন হলো মানুষ।’ তিনি বলেন, প্রকৌশলীদেরও কেবল প্রকৌশলবিদ্যা জানলে চলবে না, তাঁদের হতে হবে শ্রেষ্ঠ মানুষ। সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকলেই কেবল তা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে মূর্ছনা পরিবেশন করে পল্লিসংগীত। শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সংগীত বিভাগের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উৎসব আয়োজনে সহায়তা করছে প্রথম আলো ও আবাসন প্রতিষ্ঠান শেল্টেক্। রেডিও পার্টনার এবিসি রেডিও, ফুড পার্টনার অলটাইম এবং আইসক্রিম পার্টনার পোলার। কাল শুক্রবার এ উৎসব শেষ হবে।