প্রথম আলো স্কুল বিতর্ক এবার রামপুরায়
‘যুক্তিতে মুক্তি’ স্লোগানে প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব-২০১৭ শুরু হচ্ছে রামপুরায়। এ উপলক্ষে গতকাল বুধবার শিক্ষার্থীদের সঙ্গে বিতর্ক প্রশিক্ষণ ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইম্পেরিয়াল কলেজ মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ মো. নাজিমুল হক হক্কানি।
সভায় জানানো হয়, প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে রামপুরা অঞ্চলের বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে আগামী শনিবার ইম্পেরিয়াল কলেজ মিলনায়তনে। বিতর্ক প্রতিযোগিতায় সনাতন পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হবে। প্রতিযোগীরা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে চূড়ান্ত পর্বে অংশ নেবে। প্রতিটি পর্বই হবে নকআউট ভিত্তিতে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ মো. নাজিমুল হক হক্কানি বলেন, ‘কলেজের শুরু থেকেই আমরা বিতর্ক চর্চায় যুক্ত ছিলাম। প্রথম আলোর এমন আয়োজন আমাদের গতিকে আরও ত্বরান্বিত করেছে। বিতর্কচর্চার মাধ্যমে আমাদের আঞ্চলিকতা দূর হয়, শিক্ষার্থীদের কথা বলার ভয় কেটে যায়। বিতর্ক চর্চা আমাদের ভালো মনের মানুষ হতে সহায়তা করে।’
বাড্ডা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিতর্ক শিক্ষার্থীদের তথ্যবহুল করে গড়ে তোলে, মেধাবী হতে সহায়তা করে। সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষক নার্গিস সুলতানা বলেন, অনেক অভিভাবক মনে করেন, ‘বিতর্কচর্চা ক্লাস পড়াশোনার ক্ষতি করে। কিন্তু বিতর্কচর্চায় আমাদের উচ্চারণ শুদ্ধ হয়।’ টিঅ্যান্ডটি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান আলী বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ে বিতর্ক ক্লাব গঠনের মাধ্যমে আমরা বিতর্ককে এগিয়ে নিতে পারব।’ আইপিএইচ স্কুল ও কলেজের শিক্ষক শরিফুল আলম শওকত বলেন, বিতর্কচর্চার মাধ্যমে দেশের জঙ্গিবাদ রোধ করা যায়। এ ছাড়া আরও বক্তব্য দেন বাড্ডা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক এম এ সোবহান, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাহমুদা খাতুন, আনন্দনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন শাকিল মাহমুদ ও উত্তম রায়। অনুষ্ঠানের একপর্যায়ের একটি মডেল বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল ‘ফেসবুকের চেয়ে পাঠ্যবই-ই উত্তম’।
ইস্কাটন গার্ডেন স্কুল ও কলেজ, ইস্পাহানী গার্লস স্কুল ও কলেজ, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, মতিঝিল বালিকা উচ্চবিদ্যালয়, সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, খিলগাঁও উচ্চবিদ্যালয়, হলি ফ্যামিলি ক্রিসেন্ট স্কুল, রাজধানী আইডিয়াল স্কুল, বেরাইদ মুসলিম উচ্চবিদ্যালয়, আনন্দনগর আদর্শ উচ্চবিদ্যালয়, টিঅ্যান্ডটি আদর্শ বালিকা বিদ্যালয়, আইপিএইচ স্কুল ও কলেজ ও বাড্ডা বালিকা উচ্চবিদ্যালয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য ও ইম্পেরিয়াল কলেজের শিক্ষক ইমরুল কায়েস শিশির। বিতর্ক উৎসব আয়োজনে রয়েছে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। মতবিনিময় সভার সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন। সমন্বয় করেন জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি হাসান মাহমুদ।