প্রথম আলোকে শামীম ওসমানের আইিন নোটিশ
‘আইনজীবীকে হত্যায় অনুতপ্ত র্যাবের সাবেক তিন কর্মকর্তা’ শিরোনামে ১ জুন প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইনি নোটিশ পাঠিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমান৷ প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক, বার্তা সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনকে শামীম ওসমানের পক্ষে নোটিশটি পাঠান আইনজীবী রবিউল আমিন।
নোটিশে বলা হয়, প্রতিবেদনে কাল্পনিকভাবে তদন্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে উদ্দেশ্যমূলক অহেতুক মানহানির হীন অভিপ্রায়ে শামীম ওসমান সম্পর্কে কাল্পনিক, মিথ্যা, বানোয়াট বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এর কোনো বাস্তব ভিত্তি নেই এবং সত্যের অপলাপ মাত্র। এটা তাঁর জন্য মানহানিকর এবং সামাজিক, রাজনৈতিক ও মানসিক পীড়ার কারণ।
নোটিশে বলা হয়, কোনো মামলার তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা বা মত প্রকাশ করার কারও কোনো সুযোগ নেই। এ প্রতিবেদন প্রকাশিত হওয়ায় শামীম ওসমান সম্পর্কে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে প্রতিবেদনটি করা হয়েছে।
নোটিশ পাওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে কোন সূত্রের মাধ্যমে প্রতিবেদন করা হয়েছে, তা উপযুক্ত প্রমাণসহ প্রকাশ করার দাবি জানানো হয়। তা না হলে শামীম ওসমান আইনের আশ্রয় নেবেন এবং মামলার সব খরচ প্রথম আলোকে বহন করতে হবে।
প্রতিবেদকের বক্তব্য: শামীম ওসমান সম্পর্কে কোন তথ্যটি ‘মিথ্যা’ বা ‘কাল্পনিক’ তা নোটিশে সুনির্দিষ্ট করে বলা হয়নি৷ প্রতিবেদনে কেবল দেশব্যাপী আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের মামলাটির তদন্তের অগ্রগতির তথ্য তুলে ধরা হয়েছে৷ প্রথম আলোর কোনো মন্তব্য বা মত প্রকাশ করা হয়নি৷
জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো তদন্তাধীন বিষয়ে গণমাধ্যম অনুসন্ধান করতে পারে এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত প্রকাশ করতে পারে৷ এটাই গণমাধ্যমের কাজ৷
তদন্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এবং তা প্রতিবেদনেই উল্লেখ আছে৷ সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী, তথ্যদাতা কারও রোষানলে পড়ার ঝুঁকি থাকলে, তাঁর বা তাঁদের কোনো অযাচিত ক্ষতি অথবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে, খবরের সূত্র হিসেবে তাঁর বা তাঁদের নাম প্রকাশ না করা বিশ্বজুড়ে প্রচলিত চর্চা৷ এ ক্ষেত্রেও তা-ই অনুসরণ করা হয়েছে৷