
এত বড় আয়োজনের সবচেয়ে ছোট অংশ দিয়েই লেখাটা শুরু করা উচিত। আটটি ভিন্ন দল। ভিন্ন তাদের জার্সি ও সমর্থক। কিন্তু একই মোহনায় এসে যেন মিশে গেল সবাই। প্রায় সবার হাতেই অভিন্ন ‘রিস্টব্যান্ড’। ছোট্ট হালকা সবুজ রঙের যে কবজিবন্ধনীর মাঝখানে লেখা ‘বন্ধুত্ব’। বাঁয়ে ‘সাহস’। আর ডানে ‘মানবতা’। ফারাজ হোসেনের স্মরণে বানানো রিস্টব্যান্ডটি যেন এই বার্তা সবাইকে আরও একবার মনে করিয়ে দিল—বন্ধুত্ব রক্ষা কী কঠিন এক দায়িত্ব। এর জন্য প্রয়োজন অসীম সাহস। আর তাতেই বিজয় ঘোষিত হয় মানবতার। গুলশান ট্র্যাজেডিতে বন্ধুর জন্য জীবন দিয়ে যা প্রমাণ করে গেছেন ফারাজ।
আর এই বন্ধুতার রেণু সবার মধ্যে ছড়িয়ে দিতে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ট্রান্সকম গ্রুপ প্রথমবারের মতো আয়োজন করল টিপিএল (ট্রান্সকম প্রিমিয়ার লিগ)। ট্রান্সকমের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে গড়া আট দলের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডিজিটাল নাইটস। কাল ঢাকার রেসিডেনসিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নাইটরা ১৬ রানে হারিয়েছে দুর্জয় প্রথম আলোকে। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের ওয়ালিউর রহমান, টুর্নামেন্টসেরা একই দলের শাওন ইমতিয়াজ।

প্রথমে ব্যাট করে ডিজিটাল নাইটস ৪ উইকেটে তোলে ১১৫ রান। জবাবে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান করে প্রথম আলো। এর আগে প্রথম আলো এই নকআউট টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইলেভেন মাস্কেটিয়ার্সকে ৭ উইকেটে হারিয়ে উঠে এসেছিল সেমিফাইনালে। ম্যাচসেরা প্রথম আলোর মোবারক হোসেন। আর নাইটদের কাছে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারা এসকেএফ লায়নসের মারুফ রায়হান হয়েছেন ম্যাচসেরা।
সেমিফাইনালে নাইটরা ট্রান্সকম ভিক্টোরিয়ানসকে হারিয়েছিল ৪৬ রানে। হারলেও ম্যাচসেরা ভিক্টোরিয়ানসেরই জামিল চৌধুরী। টানটান উত্তেজনার দ্বিতীয় সেমিফাইনালে প্রথম আলো পেপসি চ্যালেঞ্জার্সকে ১২ রানে হারায় ম্যাচসেরা শামীম খানের দুর্দান্ত বোলিংয়ে। টুর্নামেন্টের অন্য দুটি দল ছিল ট্রান্সকম গ্ল্যাডিয়েটরস ও ডিজিটাল ড্রাগন। নিজেদের প্রথম ম্যাচে হেরে সবার আগে বিদায় নেয় এই দুই দল। অবশ্য প্রতিটি দলই লড়াই করেছে শেষ পর্যন্ত। সব ম্যাচেই ছিল বারুদঠাসা উত্তেজনা।
মাঠভরা হাজারখানেক দর্শকও ছিল এই উত্তেজনার অনুঘটক। নিজ নিজ দলের জন্য সবাই গলা ফাটিয়েছে। ভুভুজেলা, বাঁশি, ড্রামস আর বাংলা ঢোলের আওয়াজে কান পাতা ছিল দায়। বর্ণিল পরচুলা ছিল কারও কারও মাথায়। কারও কারও হাতে ধরা ছিল চার-ছক্কার প্ল্যাকার্ড। এমনকি ‘ম্যারি মি’ আবেদনও! ছিল লাউডস্পিকারের দুর্দান্ত সরাসরি ধারাভাষ্য। ছিল দর্শকদের বিভিন্ন পুরস্কার জেতার সুযোগও। আর পুরো আয়োজনটিতে কিছুটা হলেও আন্তর্জাতিক ম্যাচ দেখার স্বাদ এনে দিতে ছিল পানি পানের বিরতিতে পেপসি গাড়ির আগমনও!

শিশিরভেজা সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন গ্রুপের পরিচালক সিমিন হোসেন। এ সময় আটটি দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের পরিচয় তুলে ধরে অতিথিদের কাছে। উদ্বোধন ঘোষণায় সিমিন হোসেন বলেন, ট্রান্সকম গ্রুপ এর মূল্যবোধ কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো টিপিএল আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রুপের ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা পরস্পরের কাছে আসার সুযোগ পাবেন। গড়ে উঠবে বন্ধুত্ব। প্রতিবছর এই আয়োজন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সামনের দিনগুলোয় এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। তিনি বলেন, ‘আজ একটি দল হয়তো চ্যাম্পিয়ন হলো। কিন্তু আমি প্রতিটি দলকে অভিনন্দন জানাই। এই আয়োজন এতটা সফল হবে, আমি ভাবিনি। প্রতিটি ম্যাচ এত দুর্দান্ত হবে, সেটাও ছিল আমার প্রত্যাশার বাইরে। আপনারা প্রত্যেকে প্রতিটি ম্যাচে নিজেদের উজাড় করে দিয়ে লড়েছেন। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ছিল বন্ধুত্বের আহ্বান। এটাই সবচেয়ে বড় পাওয়া—বন্ধুত্ব।’
আর ঠিক তখনই সন্ধ্যার মিলিয়ে যাওয়া আলোয় সবার হাতের সেই রিস্টব্যান্ড যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। যেখানে ছোট ছোট অক্ষরে, কিন্তু কী বিশাল গৌরববার্তায় লেখা: সাহস, বন্ধুত্ব, মানবতা!