প্রথম আলোতে বক্তব্য দেওয়ায় প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিষ উন্নয়ন প্রকল্পের অধীনে ল্যাবরেটরি ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগে অনিয়মের বিষয়ে প্রথম আলোতে বক্তব্য দেওয়ায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) উপসহকারী প্রকৌশলী মো. কেরামত আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রতিবেদন প্রকাশের তিন দিন পর প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. নজরুল ইসলাম তাঁকে বরখাস্ত করেন। অথচ অভিযুক্ত প্রকল্প পরিচালক নূরুন্নাহারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ প্রসঙ্গে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাঁকে বিচারের আওতায় না এনে যিনি দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশ করেছেন, তাঁকে বিনা বিচারে বরখাস্ত করা অনৈতিক, অনিয়ম এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার শামিল। কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আইনগতভাবেও এটা করতে পারে না। প্রচলিত তথ্য প্রকাশকারী সুরক্ষা আইন অনুযায়ী যিনি দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশ করবেন, রাষ্ট্র তাঁকে সুরক্ষা দেবে, সেই অর্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও সুরক্ষা দেবে। এই আইন অনুযায়ী যিনি তথ্য প্রকাশ করেছেন, তাঁকে বরখাস্ত না করে সুরক্ষা দেওয়াই ছিল প্রতিষ্ঠানের দায়িত্ব। তিনি আরও বলেন, যাঁকে বরখাস্ত করা হয়েছে, তিনি যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা মিথ্যা তথ্য দিয়ে থাকেন, তাঁকেও বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো অবস্থাতেই তাঁকে বরখাস্ত করা সমীচীন হয়নি।
গত ২৭ জুন বিএলআরআইয়ের মহিষ উন্নয়ন প্রকল্পের অধীনে বায়োটেকনোলজি ল্যাবরেটরি ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগে অনিয়মসংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। সংশ্লিষ্টতা থাকায় ওই প্রতিবেদনে উপসহকারী প্রকৌশলী মো. কেরামত আলীর বক্তব্য নেওয়া হয়। কেরামত আলী প্রথম আলোকে বলেছিলেন, নুরুন্নাহার আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি তাঁর পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্যই পুনরায় দরপত্র আহ্বান করেন। আর এই অনিয়মের প্রতিবাদে তিনি ওই কমিটি থেকে সড়ে দাঁড়ান।
গত মঙ্গলবার বিএলআরআইয়ের মহাপরিচালক স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে কেরামত আলীর উদ্ধৃতি দিয়ে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি তাঁর পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা বিএলআরআই (কর্মকর্তা-কর্মচারী) চাকরি প্রবিধানমালা ২০০৬-এর ৩৬(৬) বিধি লঙ্ঘন এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধ। এই অপরাধের দায়ে কেরামত আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি পাবেন।
বিএলআরআই (কর্মকর্তা-কর্মচারী) চাকরি প্রবিধানমালা ২০০৬-এর ৩৬-এর ৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো কর্মচারী ইনস্টিটিউটের বিষয়ে সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমের সহিত কোনো যোগাযোগ স্থাপন করবেন না।’
এদিকে বরখাস্ত হওয়ার পর কেরামত আলী প্রকাশিত প্রতিবেদনে তাঁর দেওয়া বক্তব্য সম্পর্কে এক প্রতিবাদে দাবি করেন, তিনি প্রতিবেদককে এ ধরনের কোনো কথা বলেননি। প্রতিবেদক মুঠোফোনে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন। গতকাল যোগাযোগ করা হলে কেরামত আলী বলেন, ‘তন্দ্রাচ্ছন্নের মধ্যে আমি কী বলতে কী বলে ফেলেছি, আর এই বলাবলির মধ্যে আমি ফেঁসে গেছি। আমি কাউকে দোষারোপ করছি না। আপনি (প্রতিবেদক) যা বলেছেন (লিখেছেন), তা ঠিকই লিখেছেন।’
কেরামত আলী বলেন, ‘বরখাস্ত আদেশ পাওয়ার পর আমি ডিজি নজরুল ইসলামের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে বলেছেন, “আমি আপনাকে বাঁচাতে পারি, যদি আপনি এ ধরনের প্রতিবাদ (প্রতিবাদে কেরামত আলী যা লিখেছেন) প্রথম আলোতে ছাপতে পারেন।”’
মুঠোফোনে যোগাযোগ করা হলে নজরুল ইসলাম উত্তেজিত হয়ে একপর্যায়ে তিনি ফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। অনেক অনুরোধ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।