প্রথম আলোর খবর অসত্য নয়, এখনো পাঁচজন লাঙল কেনেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালিনা গ্রামের মোশাররফ হোসেন। তাঁর এই কলের লাঙলটি ধার নিয়ে তদন্ত কমিটিকে দেখিয়েছেন যুবলীগ কর্মী সাইফুল ইসলাম। মোশাররফের হাতের নম্বরপ্লেটটি নতুন। এটি তাঁর কলের নম্বরপ্লেট নয়। তাঁর কলের নম্বরপ্লেটটি রেখে দিয়েছেন সাইফুল l ছবি: প্রথম আলো
তালিনা গ্রামের মোশাররফ হোসেন। তাঁর এই কলের লাঙলটি ধার নিয়ে তদন্ত কমিটিকে দেখিয়েছেন যুবলীগ কর্মী সাইফুল ইসলাম। মোশাররফের হাতের নম্বরপ্লেটটি নতুন। এটি তাঁর কলের নম্বরপ্লেট নয়। তাঁর কলের নম্বরপ্লেটটি রেখে দিয়েছেন সাইফুল l ছবি: প্রথম আলো

‘কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে’ শিরোনামে গত ২৭ মে প্রথম আলোয় প্রকাশিত খবর সত্য নয় দাবি করে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এর আগে এ বিষয়ে একটি তদন্ত কমিটি করেছিল মন্ত্রণালয়, যার খবর প্রথম আলোতে ছাপা হয়। সংসদে দেওয়া কৃষিমন্ত্রীর বিবৃতিও প্রকাশ করেছে প্রথম আলো। যেহেতু সংসদে মন্ত্রী/সাংসদদের অভিযোগের জবাব দেওয়ার সুযোগ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেই, তাই প্রথম আলো পরে তার অবস্থান তুলে ধরবে বলে ওই সংবাদে জানিয়েছিল।

প্রথম আলোয় প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় ভর্তুকি পাওয়া ১৫ জনের মধ্যে আটজনই যুবলীগের নেতা-কর্মী। বাকি সাতজন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী। এঁদের মধ্যে ছয়জন কলের লাঙল কিনেছেন, বাকিরা ভুয়া বিল-ভাউচার দিয়ে ভর্তুকির টাকা তুলে নিয়ে গেছেন।

প্রথম আলোতে ছাপা হওয়া প্রতিবেদনটি করেছিলেন ঝিনাইদহে আমাদের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান।
সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিবৃতির বিষয়ে প্রথম আলোর অনুসন্ধান
সরকারি তদন্ত কমিটি আজাদ রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে। সরকারের তদন্ত এবং তার সূত্রে সংসদে কৃষিমন্ত্রীর তোলা অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিষয়টি নতুন করে অনুসন্ধান করেছে প্রথম আলো। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যসহ প্রথম আলো তার অবস্থান ব্যাখ্যা করার জন্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাক্ষাৎ প্রার্থনা করেন। কিন্তু কৃষিমন্ত্রী প্রথম আলোর সঙ্গে কথা বলতে সম্মত হননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আপনাদের বক্তব্য শোনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। যা বলার তদন্ত কমিটিকে বলেন।’

সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিবৃতির বিষয়ে প্রথম আলোর অনুসন্ধান

কৃষি মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের চারটি সুনির্দিষ্ট বিষয়:

ক. নির্বাচিত ১৫ জনের প্রত্যেকেই ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার ক্রয় করেছেন। এর মধ্যে ছয়জনের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে।

খ. প্রথম আলোর প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে বলা আবদুল খালেক, ফারুক মহাম্মদ, ফিরোজ আলম ও আজিজুল হকের বিরুদ্ধে পাওয়ার টিলার না কেনার অভিযোগও সঠিক নয়।

গ. এই ১৫ জন রাজনৈতিক পরিচয়ের কারণে ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার পেয়েছেন, তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

ঘ. যেহেতু সংবাদে উত্থাপিত কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, সেহেতু ওই সংবাদদাতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দেওয়া যেতে পারে।

কৃষি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পআহ্বায়ক ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কে এম আবদুল ওয়াদুদ। সদস্য ছিলেন পরিকল্পনা কমিশনের সহকারী পরিচালক আসাদুজ্জামান রিপন ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বখতিয়ার হোসেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় প্রথম দফায় ১৫টি কলের লাঙল দেওয়ার সিদ্ধান্ত হয়। ৬ মার্চ কোটচাঁদপুর উপজেলা চত্বরে লাঙল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারি দলের স্থানীয় সাংসদ নবী নেওয়াজ।

প্রথম আলোর বক্তব্য

সর্বশেষ অনুসন্ধানে দেখা গেছে, ১৫ জনের সবাই কলের লাঙল কেনেননি। নয়জন কিনেছেন। ছয়জন কিনেননি। প্রথম আলোর প্রতিবেদনে ছয়জন কিনেছেন, নয়জন কেনেননি ছাপা হয়েছিল। 

প্রথমআলোতে ওই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর একজন কিনেছেন। এখনো পাঁচজন বাকি আছেন। তাঁরা পুরোনো লাঙল ধার করে এনে তদন্ত কমিটিকে দেখিয়েছেন।

অবশ্য কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন প্রথমআলোকে বলেছেন, ১৫টি লাঙলেরই ভর্তুকির টাকা ছাড় করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে নির্বাচিত ১৫ জনের তালিকা দিয়ে বলা হয়েছে, ‘...বর্ণিত কৃষকগণ ভর্তুকির ২৫% অর্থ বাদে অবশিষ্ট টাকা পরিশোধ করে তাদের নিজ নিজ পাওয়ার টিলার অনুমোদিত সরবরাহকারীর নিকট থেকে ক্রয় করেন, যা উপজেলা সদরে আনুষ্ঠানিকভাবে তাদের নিকট বিতরণ করা হয়।’

উপজেলা সদরে ওই দিন কয়টি কলের লাঙল বিতরণ করা হয়েছে, জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন গত ১৮ জুন প্রথম আলোকে বলেছেন, ওই দিন অনুষ্ঠানে নয়টি কলের লাঙল বিতরণ করা হয়। বাকিগুলোর বিষয়ে তাঁর বক্তব্য, ‘সেগুলো উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে পরে দেওয়া হয়।’

তদন্ত প্রতিবেদনে বলা হয়, উপজেলার মেসার্স রাফি এন্টারপ্রাইজ থেকে ১৩টি এবং মেসার্স কাদের মেশিনারি থেকে দুটি কলের লাঙল কেনা হয়েছে।

কাদের মেশিনারির মালিক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, তাঁর বিক্রি করা দুটি লাঙলই উপজেলা সদরে বিতরণ করা হয়েছিল। ফলে বিতরণ করা বাকি সাতটি লাঙল রাফি এন্টারপ্রাইজের।

রাফি এন্টারপ্রাইজের মালিক আসাদুল ইসলাম ওরফে লিটুর সঙ্গে প্রথম আলো গত ২১ জুন দীর্ঘ এক ঘণ্টা কথা বলে। তাঁর বক্তব্য থেকে যে তথ্য পাওয়া গেছে, তা হলো তাঁর সরবরাহ করা ১৩টি কলের লাঙলের মধ্যে সাতটি নিয়মমাফিক দেওয়া হয়েছে। বাকি ছয়টি ‘এদিক-সেদিক’ হয়েছে।

রাফি এন্টারপ্রাইজের মালিকের দেওয়া তথ্যমতে, প্রতিটি কলের লাঙলের দাম ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার
টাকার মধ্যে। লাঙলের দামের ২৫ শতাংশ টাকা সরকার ভর্তুকি হিসেবে দেয়। এই টাকা কলের লাঙল সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় ডিলারকে দেওয়া হয়।

প্রথম আলোয় প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, ভর্তুকি পাওয়া ১৫ জনের মধ্যে আটজনই যুবলীগের নেতা-কর্মী। বাকি সাতজন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী।

কৃষি মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ছয়জনের রাজনৈতিক পরিচয় যাওয়া গেছে। তবে তাঁরা কোন ছয়জন এবং তাঁরা কোন দল করেন তদন্ত প্রতিবেদনে তা বলা হয়নি।

প্রথম আলোর সর্বশেষ অনুসন্ধানে দেখা যায়, যাঁরা কলের লাঙলের জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে আটজনই যুবলীগের স্থানীয় বিভিন্ন কমিটির নেতা। একজন আওয়ামী লীগ নেতার ছেলে। বাকি ছয়জনের মধ্যে পাঁচজন যুবলীগের কর্মী। অন্যজন সক্রিয় রাজনীতি করেন না, তবে আওয়ামী লীগের সমর্থক।

যুবলীগের কোটচাঁদপুর উপজেলা সভাপতি মীর কাশেম আলী গত ১৮ জুন বিকেলে প্রথম আলোকে বলেন, যাঁরা কলের লাঙল পেয়েছেন, তাঁরা রাজনীতি করলেও কৃষক। কলের লাঙল পাওয়া ১৫ জনের নাম পড়ে শোনালে তিনি বিভিন্ন 

কমিটিতে থাকা আটজন নেতার পরিচয় নিশ্চিত করেন। বাকিদের বিষয়ে তিনি বলেন, ‘এরা আসলে ইউনিয়ন পর্যায়ের কর্মী। কোনো কমিটিতে আছে কি না, বলতে পারছি না।’

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবের আলী ১৮ জুন বিকেলে প্রথম আলোকে বলেন, ‘যাঁরা কলের লাঙল পেয়েছেন, তাঁরা সব যুবলীগের নেতা-কর্মী। কৃষককে কলের লাঙল দেওয়া হচ্ছে অথচ কৃষক লীগের কেউ কিছু জানেন না। আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনাও করা হয়নি।’

কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা ওরফে মিকিও ১৮ জুন দুপুরে প্রথম আলোর কাছে স্বীকার করেছেন, যাঁরা ভর্তুকির কলের লাঙল পেয়েছেন, তাঁরা সবাই সরকারি দলের নেতা-কর্মী।

জানতে চাইলে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শফিকুল আজম খান ওরফে চঞ্চল প্রথম আলোকে বলেন, যাঁরা কলের লাঙল পেয়েছেন, তাঁরা সবাই যুবলীগের নেতা-কর্মী। এঁরা বর্তমান সাংসদ নবী নেওয়াজের পছন্দের লোক। প্রকৃত কৃষকদের কলের লাঙল দেওয়া হয়নি।

সাংসদ নবী নেওয়াজ প্রথম আলোকে বলেন, এ অভিযোগ ঠিক নয়। বিতরণের দিন কতজনকে কলের লাঙল দিয়েছেন, জানতে চাইলে সাংসদ বলেন, ‘দু-তিনটি লাঙলে হাত রেখেছি। ছবি তোলা শেষ হলে চলে যাই। কৃষি কর্মকর্তারা বাকি কতটা দিয়েছেন, তা নিশ্চিত বলতে পারব না।’

বখতিয়ার আলমের এই কলের লাঙলটি ধার নিয়েছেন সিরাজুল ইসলাম। তদন্ত কমিটিকে দেখানোর জন্য তাঁর লাঙলের নম্বরপ্লেটও বদল করা হয়েছে। সাব্দালপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম তা স্বীকারও করেছেন l ছবি: প্রথম আলো
বখতিয়ার আলমের এই কলের লাঙলটি ধার নিয়েছেন সিরাজুল ইসলাম। তদন্ত কমিটিকে দেখানোর জন্য তাঁর লাঙলের নম্বরপ্লেটও বদল করা হয়েছে। সাব্দালপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম তা স্বীকারও করেছেন l ছবি: প্রথম আলো

ভর্তুকির লাঙলের জন্য নির্বাচিত সেই ১৫ জনের পরিচয়
১. লক্ষ্মীকুণ্ডু গ্রামের দিয়ানত আলী খানের ছেলে সিরাজুল ইসলাম। তিনি সাব্দালপুর ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
২. সলেমানপুর গ্রামের আবদুল লতিফ বিশ্বাসের ছেলে ফিরোজ আলম। তিনি কোটচাঁদপুর উপজেলা যুবলীগের সদস্য।
৩. কুল্ল্যাগাছা গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবদুল খালেক। তিনি এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি।
৪. কাগমারি গ্রামের ইন্তাজ আলীর ছেলে আতিয়ার রহমান। তিনি বলুহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
৫. কুশনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া। তিনি কুশনা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
৬. সলেমানপুর গ্রামের মতলেব আলীর ছেলে ফারুক মহাম্মদ (ফারুক আহমেদ ছাপা হয়েছিল)। তিনি উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
৭. সলেমানপুর গ্রামের আবদুল মালেকের ছেলে আজিজুল হক। উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
৮. আসাননগর গ্রামের আজিজুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম। তিনি এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
৯. বলুহর গ্রামের বাসিন্দা বলুহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকিমুল ইসলামের ছেলে তানভির আহম্মদ।
১০. সাব্দালপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম। তিনি যুবলীগের কর্মী।
১১. ধোপাবিলা গ্রামের বুদই বিশ্বাসের ছেলে আবদুর রহমান। তিনি দোড়া ইউনিয়ন যুবলীগের কর্মী।
১২. একই গ্রামের শহর আলী মণ্ডলের ছেলে আবদুল হান্নান। তিনিও যুবলীগ কর্মী।

১৩. বাঙ্গালীপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে জুলফিকার আলী। দোড়া ইউনিয়ন যুবলীগের কর্মী।

১৪. গালিমপুর গ্রামের আজগার আলীর ছেলে কামরুল ইসলাম। যুবলীগ কর্মী।

১৫. মুরুটিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হুমায়ন কবির। সক্রিয় রাজনীতি করেন না। তবে আওয়ামী লীগের সমর্থক।

খ. কলের লাঙল কেনা না-কেনা

তদন্ত প্রতিবেদন: প্রকাশিত সংবাদে পাওয়ার টিলার না কেনার দায়ে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত আবদুল খালেক, ফারুক আহমেদ (প্রকৃত নাম ফারুক মহাম্মদ), ফিরোজ আলম ও আজিজুল হকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগও চরম অসত্য। প্রত্যেকের বাড়ি ও কৃষিখামার পরিদর্শন করে তাঁদের কাছে কলের লাঙল পাওয়া গেছে।

প্রথম আলো: অন্য কৃষকের কাছ থেকে কলের লাঙল ধার এনে তদন্ত কমিটিকে দেখিয়েছেন—এমন পাঁচজনের বিষয়ে প্রথম আলো নিশ্চিত হয়েছে। তাঁরা হলেন সাব্দালপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম, সাব্দালপুরের যুবলীগ কর্মী সাইফুল ইসলাম ও কোটচাঁদপুর উপজেলা যুবলীগের সদস্য ফিরোজ আলম, উপজেলা যুবলীগের সদস্য ফারুক মহাম্মদ ও আজিজুল হক। অর্থাৎ এঁরা লাঙল কেনেননি।

আবদুল খালেক: এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল খালেকের বক্তব্য আগেই(২৭ মে) প্রথম আলোতে ছাপা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমি পাওয়ার টিলার কিনিনি। দ্রুতই কিনব।’ তিনি পরে লাঙল কিনেছেন বলে প্রথম আলো নিশ্চিত হয়েছে।

ফিরোজ আলম: তিনি সলেমানপুর গ্রামের সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) কৃষক সংগঠনের সভাপতি হিসেবে কলের লাঙলের জন্য নির্বাচিত হন। গত ২০ জুন বেলা ১১টার দিকে ফিরোজ আলমের সঙ্গে কথা হয়। তিনি দাবি করেন, তিনি কলের লাঙল কিনেছেন।

অবশ্য ফিরোজ আলমকে না পেয়ে প্রথম আলো আগের দিন ১৯ জুন সকালে কথা বলেছিল সিআইজি সমিতির কোষাধ্যক্ষ আবুল হোসেনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা দু-চার দিনের মধ্যে পাওয়ার টিলার কিনব। টাকার জোগাড় হয়ে গেছে।’ তদন্ত কমিটিকে কী দেখিয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের পুরোনো কলের লাঙল ছিল, সেটা দেখানো হয়েছে।’ লাঙল বিক্রেতা আসাদুল ইসলামও একই তথ্য দিয়েছেন।

ফারুক মহাম্মদ ও আজিজুল হক: এঁরা দুজন কালীগঞ্জ উপজেলার কোলা বাজার এলাকা থেকে লাঙল ধার এনে তদন্ত কমিটিকে দেখিয়েছেন বলে বিভিন্ন সূত্র প্রথম আলোকে জানিয়েছে। পরে কলের লাঙল বিক্রেতা আসাদুল ইসলামের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে আসাদুল লাঙল ধারদাতা দুই কৃষকের নাম প্রকাশ করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে ফারুক মহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমি এমন কিছু করিনি। আগেই লাঙল কিনেছি।’ তদন্ত কমিটিকে দেখাতে তিনি ও আজিজুল হক কোলা বাজার এলাকা থেকে লাঙল ধার এনেছিলেন—এমনটি নির্দিষ্ট করে জানালে তিনি বলেন, ‘আমি আনিনি। আজিজুল আনলে আনতে পারে।’

আর আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘এটা আমি বলতে পারব না। কোম্পানির লোক (লাঙল বিক্রেতা আসাদুল) বলতে পারে।’

আসাদুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আজিজুল ও ফারুক মহাম্মদ দুজন ধার করা লাঙল আর ফিরোজ আলম নিজেদের পুরোনো লাঙল তদন্ত কমিটিকে দেখিয়েছিলেন। তবে ফিরোজ আলম ও আজিজুল পরে লাঙল নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

অনুসন্ধানে আরও দুজনকে পাওয়া যায়, যাঁরা কলের লাঙল ধার করে এনে তদন্ত কমিটিকে দেখিয়েছেন। নিচে তাদের বর্ণনা দেওয়া হলো—

সিরাজুল ইসলাম: তদন্ত কমিটিকে দেখানোর জন্য লক্ষ্মীকুণ্ডু গ্রামের সিরাজুল ইসলাম লাঙল এনেছিলেন লক্ষ্মীপুর গ্রামের কৃষক বখতিয়ার আলমের কাছ থেকে। গত ১৭ জুন সন্ধ্যায় বখতিয়ার আলমের বাড়িতে গেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘একটা লোকের চাকরি চলে যাবে, তাই সহযোগিতা করেছি। আমাকে সামান্য কিছু টাকা দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘পাওয়ার টিলার নিয়ে ছেলে জাকিরুল ইসলামকে যেতে বলেছিলাম। ছেলেই চালিয়ে নিয়ে গেছে সিরাজুল ইসলামের বাড়িতে।’

বখতিয়ার আলম তাঁর কলের লাঙলের নম্বরপ্লেট দেখিয়ে বলেন, ‘তারা এটা বদল করেছে। এখন যে নম্বরটি লাগানো আছে তা আমার লাঙলের ইঞ্জিন নম্বর না।’

বখতিয়ারের দুটি কলের লাঙল আছে। এ বছর কেনা লাঙলটি সিরাজুল ইসলামের বাড়িতে পাঠানো হয়েছিল তদন্ত কমিটিকে দেখানোর জন্য।

ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক দোড়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘সিরাজুলের অনুরোধে আমি বখতিয়ারকে তাঁর লাঙলটা দিতে বলেছি। একটা মানুষের চাকরি যাবে ভেবে এটা করেছি। এখন মনে হচ্ছে কাজটা খারাপ হয়েছে।’ কার চাকরি চলে যাবে—জানতে চাইলে তিনি বলেন, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেনের।

তদন্ত কমিটিকে দেখাতে কলের লাঙল ধার আনার বিষয়ে সিরাজুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি প্রথম আলোকে বলেন, ‘সামান্য লাভের জন্য আর ঝামেলা করতে চাই না। আমার যেন কোনো ক্ষতি না হয়, একটু খেয়াল রাখবেন।’

 সাইফুল ইসলাম: যুবলীগ কর্মী লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম তদন্ত কমিটিকে দেখাতে কলের লাঙল ধার করেছিলেন তালিনা গ্রামের মোশারফ হোসেনের কাছ থেকে।

 ১৭ জুন বিকেল সাড়ে চারটায় মোশারফ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর কলের লাঙলের গায়ে কোনো নম্বরপ্লেট নেই। বাড়িতে নারী সদস্য ছাড়া কেউ ছিল না। মোশারফ হোসেনের পুত্রবধূ আলেয়া খাতুন জানান, লক্ষ্মীপুরের কয়েকজন লোক এসে শ্বশুরকে লাঙল দিতে অনুরোধ করেছিল। পরে তাঁর স্বামী ও শ্বশুর মিলে লাঙলটি নিয়ে গিয়েছিলেন।

মোশারফ হোসেনের বৃদ্ধা মা খুকি বিবিও একই তথ্য জানান। তিনি বলেন, ‘অন্যের উপকার করতে গিয়ে আমার ছেলের কিছু হবে না তো!’

মোবাইল ফোনে মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি পার্শ্ববর্তী গান্নাবাজারে আছেন বলে জানান। সেখান গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কৃষি অফিসার সাজ্জাদ হোসেন নিজে এসে অনুরোধ করেছিলেন। যে কারণে লাঙল ধার দিয়েছি।’ তিনি এও বলেন, ‘অনুমতি ছাড়াই তারা আমার পাওয়ার টিলারের নম্বরপ্লেট খুলে ফেলেছে। এখন তা ফেরতও দেয় না। এখন আমার টিলারে নতুন নম্বরপ্লেট। বারবার বলার পরও তারা পুরোনোটা দিচ্ছে না।’

সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রথমে টাকা জোগাড় করতে না পারায় লাঙল কিনিনি। পরে কিনেছি।’ তদন্ত কমিটিকে দেখানোর জন্য ধার করে আনা লাঙলের নম্বরপ্লেট ফেরতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার কাছে আছে, পরে দিয়ে দিব।’

 তদন্ত কমিটিকে দেখাতে লাঙল জোগাড় করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি এসব পুরোনো লাঙল জোগাড় করার বিষয়ে কাজ করিনি।’ মোশারফ হোসেনের বাড়িতে গিয়েছিলেন কি না, জানতে চাইলে বলেন, ‘আমি তালিনায় একটা মার্কেট দেখতে গেছি। সেখানে কারও সঙ্গে কথা হতে পারে।’

মোশারফ হোসেন জানান, কলের লাঙল আনা-নেওয়া করতে তাঁর দুই লিটার তেল লেগেছিল। তাঁকে পাঁচ লিটার তেলের টাকা দিয়েছেন সাইফুল ইসলাম।

কৃষি কর্মকর্তা বনাম লাঙল বিক্রেতা:

কৃষি মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির সঙ্গে সার্বক্ষণিক ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন। কৃষি বিভাগের সঙ্গে করা চুক্তিপত্রে বর্ণিত পাওয়ার টিলারই কৃষকের বাড়ি/খামারে পাওয়া গেছে।

কিন্তু তদন্ত কমিটিকে পুরোনো লাঙল দেখানোর বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘এ-জাতীয় কোনো কাজ হয়ে থাকলে সেটা কোম্পানির লোক (লাঙল বিক্রেতা) করতে পারে।’

কৃষি কর্মকর্তার এই অভিযোগসহ পুরো বিষয়টি নিয়ে গত ২১ জুন সন্ধ্যা সাতটার পর রাফি এন্টারপ্রাইজে বসে মালিক আসাদুলের সঙ্গে এক ঘণ্টা সময় নিয়ে কথা বলে প্রথম আলো। তাঁর বক্তব্য থেকে যে তথ্য পাওয়া গেছে, তা হলো—তাঁর সরবরাহ করা ১৩টি কলের লাঙলের মধ্যে সাতটি নিয়মমাফিক দেওয়া হয়েছে। বাকি ছয়টি ‘এদিক-সেদিক’ হয়েছে। পরে তদন্ত কমিটিকে সামাল দিতে চারটি ধার করে আনা হয়েছে। সিআইজি সমিতি তাদের পুরোনো লাঙল দিয়ে সামলেছে একটি।

.
.

আসাদুল প্রথম আলোকে বলেন, ‘কাগজপত্রে আমার কোনো অনিয়ম-দুর্নীতি ধরার সুযোগ নেই। যারা লাঙল নেয়নি, কিছুদিনের মধ্যে তারা নেবে বলে জানিয়েছে। দু-এক দিনের মধ্যে লক্ষ্মীকুণ্ডু গ্রামের সিরাজুল ইসলাম লাঙল নিতে আসবে।’

কর্মকর্তাদের বক্তব্য:

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঙ্গে গত ১৮ জুন আবার কথা বলে প্রথম আলো। তিনি বিষয়টি নিয়ে আর ঘাঁটাঘাঁটি না করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘সবাইকে বাঁচতে একটা কিছু করা প্রয়োজন।’

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঝিনাইদহ কৃষি বিভাগের উপপরিচালক শাহ মোহা. আকরামুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পালের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

শাহ মোহা. আকরামুল হক প্রথম আলোকে বলেন, ‘আমিও এ বিষয়ে কিছু খোঁজখবর নিয়েছি।’ কিন্তু তদন্ত কমিটিকে পুরোনো লাঙল দেখানোর প্রসঙ্গ তুললে তিনি বলেন, ‘আমি তো তাদের সঙ্গে যাইনি। এ বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না। আমি কিছু বলতে পারব না।’

তদন্ত কমিটিকে পুরোনো লাঙল দেখানো হয়েছে—এ তথ্য জানালে কমিটির আহ্বায়ক আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, ‘সবকিছু তদন্তকরে রিপোর্ট দিয়েছি।’

কত দিনের তদন্ত, কীভাবে তদন্ত:

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, কমিটি গত ২ ও ৩ জুন সরেজমিন তদন্ত করেন। তাঁরা ১৫ কৃষকের প্রত্যেকের বাড়ি ও কৃষি খামার পরিদর্শন করেছেন। পাওয়ার টিলার সরবরাহকারী কালীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠান মেসার্স রাফি এন্টারপ্রাইজ ও মেসার্স কাদের মেশিনারি পরিদর্শন করে সংশ্লিষ্ট বিল-ভাউচার ও পাওয়ার টিলার সরবরাহের তথ্যযাচাই করেছে।

প্রথম আলোর বক্তব্য: ঝিনাইদহ সার্কিট হাউসের রেজিস্টার খাতায় দেখা যায়, তদন্ত কমিটির তিন কর্মকর্তা সেখানে পৌঁছান ১ জুন রাত ৯টা ৩০ মিনিটে। দুই কর্মকর্তা আসাদুজ্জামান রিপন ও বখতিয়ার হোসেন ২ জুন রাতে সার্কিট হাউস ছেড়ে যান। কমিটির প্রধান আবদুল ওয়াদুদ সার্কিট হাউস ছেড়েছেন ৩ জুন সকালে।

 তদন্ত কমিটির সদস্যদের সফরসঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ২ জুন সকাল সোয়া নয়টায় কমিটি কোটচাঁদপুরে এসে পৌঁছান। দিনভর কাজ শেষে মাগরিবের নামাজের পর ঝিনাইদহ শহরে ফিরে যান।

সার্কিট হাউস সূত্র জানায়, তদন্তদল কোটচাঁদপুর থেকে রাত সাড়ে আটটার দিকে ঝিনাইদহ সার্কিট হাউসে পৌঁছায়। রাত সাড়ে নয়টায় ঢাকার উদ্দেশে রওনা দেন দুই কর্মকর্তা। থেকে যান আবদুল ওয়াদুদ।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আবদুল ওয়াদুদ (১৮ জুন সকালে) প্রথম আলোকে বলেন, ৩ জুন সকাল ১০টায় তিনি ঢাকায় রওনা হন। অবশ্য তিনি বলেন, ‘৩ জুন সকালে কিছু কাজ করেছি।’

সার্কিট হাউস সূত্র জানায়, সকালে নাশতা করে আবদুল ওয়াদুদ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। ওই দিন কেউ সার্কিট হাউসে এসে তাঁর সঙ্গে দেখা করেননি।

 সার্কিট হাউসের হিসাবের খাতায় দেখা যায়, কক্ষভাড়া হিসেবে দুই কর্মকর্তা এক দিনের জন্য ৭০ টাকা করে ১৪০ টাকা পরিশোধ করেছেন। আর আবদুল ওয়াদুদ দুই দিনের ভাড়া দিয়েছেন ১৪০ টাকা।

রাফি এন্টারপ্রাইজের মালিক আসাদুল প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে আসা তদন্তদল তাঁর দোকানে যায়নি। তাঁর সঙ্গে তদন্তদলের কারও কথাও হয়নি।

‘কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে’

তবে আসাদুল জানান, ২৭ মে খবর প্রকাশের পর ২৯ মে একটি তদন্তদল এসেছিল। তাঁরা ওই দিন তাঁকে ফোনও করেছিলেন। কিন্তু তাঁর এক আত্মীয় মারা যাওয়ায় তিনি তাদের সঙ্গে দেখা করতে যেতে পারেননি। তাঁরাও তাঁর দোকানে আসেননি।

কলের লাঙল সরবরাহকারীদের আরেকজন মেসার্স কাদের মেশিনারির মালিক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনেছি তদন্তদল এসেছিল। কিন্তু কেউ আমাদের ফোন করেনি। দোকানেও আসেনি।’

 

গ. রাজনৈতিক পরিচয়ও ভর্তুকি

তদন্ত কমিটি: রাজনৈতিক পরিচয়ের কারণে ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার পাওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

প্রথম আলোর বক্তব্য: প্রথম আলোর প্রতিবেদনে ‘রাজনৈতিক কারণে কলের লাঙল পেয়েছে’ এমন কোনো বাক্য ছিল না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সূত্র উদ্ধৃত করে বলা হয়েছিল, স্থানীয় সাংসদ নবী নেওয়াজ ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা যাঁদের নাম সুপারিশ করেছেন, তাঁদের নামেই ভর্তুকির টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিবেদনে এর বিপরীতে যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক প্রহ্লাদ কুমারের বক্তব্যও ছাপা হয়। তিনি বলেছিলেন, তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে নিশ্চিত হয়েছেন তাঁরা কৃষক। তাঁরা কোন রাজনীতি করেন, তা দেখার সুযোগ নেই।

প্রথম আলোর প্রতিবেদনে শুধু কলের লাঙল পাওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়টিউল্লেখ করা হয়েছিল।

তদন্ত কমিটির সঙ্গে প্রথম আলো প্রতিনিধির যোগাযোগ:

তদন্ত প্রতিবেদন: তদন্তকালে সাংবাদিক আজাদ রহমানের সঙ্গে কথা বলার জন্য তাঁকে কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে কমিটির সামনে হাজির হননি।

প্রথম আলোর বক্তব্য: ২ জুন সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে প্রতিবেদক আজাদ রহমানকে ফোন করে তদন্ত কমিটির আহ্বায়ক আবদুল ওয়াদুদ। আজাদ তখন ঝিনাইদহ শহরে ছিলেন। কমিটির সদস্যরা ছিলেন কোটচাঁদপুর উপজেলায়। আবদুল ওয়াদুদ ফোনে তাঁকে বলেন, জেলা শহরে পৌঁছে আবার প্রতিবেদককে ফোন করবেন। দুই ঘণ্টা অপেক্ষার পরও ফোন না পেয়ে রাত ৮টা ৩৮ মিনিটে প্রতিবেদক নিজেই আবদুল ওয়াদুদের নম্বরে ফোন করেন। তখন তিনি প্রতিবেদককে বলেন, ‘আমরা এই মাত্র কোটচাঁদপুর থেকে সার্কিট হাউসে এসে পৌঁছেছি। আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে। তা ছাড়া, আমরা চলে যাব। আপনাকে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে পরে কথা বলে নেব।’ কিন্তু কমিটির কেউ পরে আর তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।

গত ১৮ জুন উপসচিব আবদুল ওয়াদুদের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি স্বীকার করেন, দ্বিতীয় ফোনটি প্রতিবেদক নিজেই তাঁকে করেছিলেন। একপর্যায়ে আবদুল ওয়াদুদ বলেন, ‘...এর মধ্যে আমি অন্য নম্বর থেকে আপনাকে একবার ফোন করেছি।’ প্রতিবেদক তাঁকে বলেন, ‘আপনাদের দিক থেকে কোনো ফোন না পেয়েই তো আমি নিজে ফোন করলাম। আপনার সঙ্গে আমার দুইবার কথা হয়েছে। একবার আপনি ফোন করেছেন, একবার আমি করেছি। ব্যস্ততার অজুহাত দেখালে তো আমি আপনাকে ফোন করতাম না।’ আবদুল ওয়াদুদ এর জবাবে কিছু বলেননি।

সাধারণত সরকারি কোনো তদন্ত কমিটি সাংবাদিকদের ডাকলে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে থাকে। সেখানে কমিটির সঙ্গে সাক্ষাতের সামনে দিনক্ষণ উল্লেখ করা থাকে। কিন্তু এই কমিটির কাছ থেকেএমন কোনো চিঠি প্রথম আলো পায়নি।

 

ঘ. আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ:

তদন্ত প্রতিবেদনে প্রথম আলোর প্রতিবেদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রকল্প পরিচালক (শেখ মো. নাজিম উদ্দিন) বিষয়টি নিয়ে আর ঘাঁটাঘাঁটি না করার অনুরোধ করেছেন। পিডি বলেছেন, আপনারা আর ঘাঁটাঘাঁটি না করলে এ বিষয়ে মামলা (প্রথম আলোর প্রতিবেদকের বিরুদ্ধে) হবে না।’

কলের লাঙলের খবর প্রকাশের জন্য প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করার কোনো সিদ্ধান্ত আছে কি না, জানতে চাইলে শেখ নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে যা হওয়ার হয়েছে। এখন আর বিষয়টি আমাদের কারও মাথায় নেই। আপনারাও বিষয়টি পজিটিভলি (ইতিবাচকভাবে) দেখেন।’