প্রথম আলোর পথচলায় পাঠকের একাত্মতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের জিমনেশিয়ামে গতকাল সন্ধ্যায় প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে অতিথিদের একাংশ l প্রথম আলো
ময়মনসিংহ শহরের জিমনেশিয়ামে গতকাল সন্ধ্যায় প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে অতিথিদের একাংশ l প্রথম আলো

ময়মনসিংহ শহরে বসবাসকারী প্রায় ৪০০ বিশিষ্ট ব্যক্তি গতকাল শুক্রবার সন্ধ্যায় জড়ো হয়েছিলেন এক ছাদের নিচে। তাঁরা পরস্পরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। মেতে ওঠেন আড্ডায়। একাত্মতা ঘোষণা করেন প্রথম আলোর পথচলায়।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে আয়োজন করা হয় এই সুধী সমাবেশের।
অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় সন্ধ্যা পৌনে সাতটায়। ছয়টা থেকে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। তাঁদের অভ্যর্থনা জানান প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বিজনেস এডিটর শওকত হোসেন ও উপব্যবস্থাপক (ইভেন্ট ও অ্যাকটিভেশন) কবির বকুল। বন্ধুসভার বন্ধুরাও অতিথিদের স্বাগত জানান। অতিথিরা পরস্পরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
সুধী সমাবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ মেডিকেল কলেজ, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এবং বিভিন্ন বেসরকারি কলেজ ও স্কুলের শিক্ষক, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কর্মকর্তা, কবি-লেখক, নারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রধান প্রধান রাজনৈতিক দলের ময়মনসিংহের শীর্ষস্থানীয় নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মূল পর্বে অতিথিদের স্বাগত জানান প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ। এরপর আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তেব্য আব্দুল কাইয়ুম বলেন, ‘বাংলাদেশের মানুষ জেগে উঠছে, এগিয়ে চলছে। আমরা চাই এসব এগিয়ে যাওয়ার খবর প্রথম আলোয় ছাপতে।’ তিনি প্রথম আলো ট্রাস্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করা পাঠকদের ধন্যবাদ জানান।
সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রথম আলো সামাজিক অনেক কাজ করে। এসব কাজের জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে দেখানো হয় প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র অদম্য মেয়েরা। এতে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ফুটবলার মেয়েদের হার না-মানা গল্প দেখানো হয়। মেয়েরা কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ২০১১ সাল থেকে সহকারী শিক্ষক মফিজ উদ্দিনের আন্তরিক তত্ত্বাবধানে ও অনুপ্রেরণায় ফুটবল প্রশিক্ষণ শুরু করে। পরে ওই মেয়েদের মধ্যে ১০ জন এ বছরের এপ্রিলে নেপালে অনুষ্ঠিত এএফসি কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল আসরে বাংলাদেশের নারী দলে খেলার সুযোগ অর্জন করে। উপস্থিত অতিথিরা প্রামাণ্যচিত্র দেখে মুগ্ধ হন।
অনুষ্ঠানের একপর্যায়ে পাঠকের মুখোমুখি হয় প্রথম আলো। তাঁদের প্রশ্নের জবাব দেন আব্দুল কাইয়ুম, শওকত হোসেন, কবির বকুল ও কামরান পারভেজ। এরপর গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর আলম সজীব। পরে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন।