প্রথম আলোর পথচলায় সঙ্গী হওয়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে আয়োজন করা হয় সুধী সমাবেশের। এতে পাঠকের মুখোমুখি পর্বের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে আয়োজন করা হয় সুধী সমাবেশের। এতে পাঠকের মুখোমুখি পর্বের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

চা-বাগান আর টিলাঘেরা সিলেটে কয়েক দিন ধরেই শীতের আগমন বেশ ঘটা করেই শুরু হয়েছে। সন্ধ্যার পর বাইরে বেরোলে অগ্রহায়ণের ঠান্ডা বাতাস সেটাই জানান দেয়। গতকাল শুক্রবারও ছিল তেমনই এক সন্ধ্যা। তবে সে সন্ধ্যায় নগরের বিশিষ্টজনদের লক্ষ্য ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেওয়া। আর তাই সে আমন্ত্রণে সাড়া দিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই অতিথিরা একে একে হাজির হন নগরের পূর্ব দরগাগেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকের সেলিব্রেটি হলে।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগর ও জেলার প্রায় ৪০০ বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গতকাল শুক্রবার আয়োজন করা হয় সুধী সমাবেশের। অনুষ্ঠানে আগত ব্যক্তিরা প্রায় তিন ঘণ্টা পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এক আনন্দঘন সময় কাটান। প্রত্যয় ব্যক্ত করেন প্রথম আলোর আগামীর পথচলায় সঙ্গী হওয়ার।
সিলেটের জনপ্রতিনিধি, রাজনীতিক, অধ্যাপক, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, আইনজীবী, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মী, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয় মূল আয়োজন এবং তা শেষ হয় পৌনে নয়টায়।
অনুষ্ঠানস্থলে ঢোকার মুহূর্তেই আমন্ত্রিত অতিথিদের হাতে ফুল তুলে দেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এ সময় অতিথিদের স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। পরে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী।
অনুষ্ঠানে একটি ‘মিউজিক ভিডিও’ দেখানোর পাশাপাশি দেখানো হয় প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র অদম্য মেয়েরা। এতে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার মেয়েদের হার না-মানা গল্প দেখানো হয়। ওই মেয়েদের ১০ জন এ বছর নেপালে অনুষ্ঠিত এএফসি কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল আসরে বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পায়। প্রথম আলোতে তাদের নিয়ে ছাপা হয় বিশেষ প্রতিবেদন। তাদের নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্র দেখে মুগ্ধ হন উপস্থিত সবাই।
এরপর বক্তৃতায় মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমরা সেই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন রচনা করতে চাই। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে সংগ্রাম এ দেশের ১৬ কোটি মানুষ পালন করছেন শ্রম আর সৃজনশীলতা দিয়ে, সংবাদপত্র হিসেবে বিনীতভাবে আমরা তার পাশে রয়েছি। এটাই আমাদের একমাত্র এজেন্ডা।’
বক্তৃতায় মতিউর রহমান দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রথম আলোর প্রতিদিনকার ৫৫ লাখ পাঠককে বিনীত কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘নানা দিক দিয়ে আমাদের ওপর চাপ থাকে। তবুও আমরা নত হই না। আমরা সত্য প্রকাশে সব সময় অবিচল থাকি। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে আমাদের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। আর ১৭ বছর ধরে আমাদের সঙ্গে থাকার জন্য পাঠকদের কাছে আমরা ঋণী। আমাদের শক্তি আমাদের পাঠক।’
এরপর মঞ্চে আসেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিন। তিনি বলেন, ‘স্বল্প সময়ে একটি পত্রিকা কেমন করে প্রতিষ্ঠানে পরিণত হয়, এর উৎকৃষ্ট উদাহরণ প্রথম আলো। উপমহাদেশের অন্যতম এই রুচিশীল পত্রিকা সব সময় পাঠকের স্বার্থেই সংবাদ পরিবেশন করে থাকে। প্রথম আলোর কোনো কাজে আমরা সমালোচনা করলেও একে আমরা লক্ষ গুণ বেশি ভালোবাসি। হতদরিদ্র এই দেশের মানুষের উন্নয়নে পত্রিকাটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে।’
অনুষ্ঠানের একপর্যায়ে পাঠকের মুখোমুখি হয় প্রথম আলো। তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের এজিএম অরূপ কুমার ঘোষ, প্রথম আলো ডিজিটালের স্টিভ অ্যানথোনি জ্যাকব, সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ। এ সময় পাঠকেরা সিলেট অঞ্চলের সংবাদকে আরও গুরুত্বসহকারে প্রকাশের দাবি জানানোর পাশাপাশি প্রথম আলোকে নিয়ে তাঁদের মান-অভিমান-ভালোবাসার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চারটি গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবু। পরে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য মো. কবির হোসেন, সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মীনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আরশ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার রণজিৎ দাস, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, সিপিবির সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূর হোসেন মিঞা, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম, কবি শুভেন্দু ইমাম, মুক্তিযোদ্ধা তুষার কর, বাউল আবদুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।