মাদকের হাত থেকে বাঁচতে প্রয়োজনে কঠোর আইন
প্রথম আলোর পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদকের হাত থেকে বাঁচতে প্রয়োজনে কঠোর আইন করতে হবে। অপরাধীদের শাস্তির মাত্রা বাড়াতে হবে। জরুরি ভিত্তিতে সবার মধ্যে সামাজিক চেতনাও জাগ্রত করতে হবে।
গতকাল বুধবার প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন আয়োজিত মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাদকসেবীদের সামনে বিকল্প হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ, সংস্কৃতিচর্চার ব্যবস্থা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও অন্য অতিথিরা পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন।
শিক্ষামন্ত্রী খানিকটা আক্ষেপ করেই বলেন, ‘শুনেছি জেলখানায় যার টাকা আছে তার জন্য মাদকের ব্যবস্থাও আছে।’
অনুষ্ঠানের শুরুতে মাদক, অ্যাসিডসহ প্রথম আলোর বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরেন সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, মাদকের পেছনে কোনো টাকা খরচ করতে না হলে নিজেদের টাকা দিয়েই পদ্মা ব্রিজ করা সম্ভব।
সেরা প্রতিবেদন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর এবং বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী৷
অনুষ্ঠানে অধ্যাপক গোলাম রহমান বলেন, গণমাধ্যমে মাদক নিয়ে কিছু বলতে গেলেই উল্টা ফল পাওয়া যায়। মাদক কোথায় পাওয়া যায়, নতুন মাদকদ্রব্যের নাম ইত্যাদি নিয়ে বলতে গেলে অনেকেই নতুন করে তথ্য জেনে যাচ্ছে। তাই মাদক নিয়ে প্রতিবেদন প্রকাশে গণমাধ্যমকর্মীদের সচেতনতা জরুরি।
যাঁরা পুরস্কার পেলেন: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ছয়জন পুরস্কার পেয়েছেন।
পুরস্কার হিসেবে প্রথম ৫০ হাজার টাকা, দ্বিতীয় ২৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন ১৫ হাজার টাকার চেক। এ ছাড়া পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে সনদপত্র ও একটি করে মেডেল পেয়েছেন। এবার প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া থেকে ৩০টি এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে মোট ১০টি প্রতিবেদন জমা পড়ে।
চতুর্থবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় সংবাদপত্র শাখায় প্রথম হয়েছেন যুগান্তর-এর সহসম্পাদক রীতা ভৌমিক। দ্বিতীয় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন। তৃতীয় হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর নিজস্ব প্রতিবেদক মোরশেদা ইয়াসমিন।
ইলেকট্রনিক মাধ্যমে প্রথম হয়েছেন মাছরাঙার ওবায়দুল কবির। দ্বিতীয় এসএ টিভির আহাদ হোসেন। বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক এ বি এম রফিকুল ইসলাম তৃতীয় হয়েছেন।
অনুষ্ঠানে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মোহিত কামাল এবং ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল বক্তব্য দেন।
এ ছাড়া প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন, মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা গায়ক বিপ্লব, মনোরোগ চিকিৎসক আহমেদ হেলাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক মেখলা সরকার, ফারজানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ।