প্রথম আলোর প্রকাশনা বন্ধের দাবিতে বিক্ষোভ

‘সিপি গ্যাং’ নামের একটি অনলাইনভিত্তিক সংগঠন প্রথম আলোর প্রকাশনা বন্ধ এবং এর সম্পাদককে গ্রেপ্তারের দাবি করেছে৷ গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে তারা এই দাবিতে বিক্ষোভ করে৷
বিক্ষোভকারীরা সংখ্যায় ছিলেন ৩০-৩২ জন৷ তাঁরা প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন এবং প্রথম আলোর কয়েকটি কপিতে আগুন দেন৷ এ সময় তাঁরা ‘প্রথম আলোর আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’,‘প্রথম আলো বন্ধ করো, মতিউর রহমানকে আটক করো’,‘প্রথম আলো ঘেরাও করো’ ইত্যাদি স্লোগান দেন৷ ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কোনো ক্ষমা নেই’, ‘সাম্প্রদায়িক উসকানিদাতা প্রথম আলো বন্ধ চাই’, ‘বাংলাদেশের স্বার্থে প্রথম আলো বর্জন করুন’, ‘লাখো শহীদ দিচ্ছে ডাক, প্রথম আলো নিপাত যাক’ ইত্যাদি স্লোগান-সংবলিত ব্যানার বহন করেন তাঁরা৷
সংগঠনের আহ্বায়ক রাসেল রহমান সাংবাদিকদের বলেন,‘অবিলম্বে প্রথম আলোর লাইসেন্স বাতিল ও প্রকাশনা বন্ধ করতে হবে এবং এর সম্পাদকসহ প্রতিবেদনটি প্রকাশের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে৷’
এই কর্মসূচি পালনের সময় প্রথম আলো কার্যালয় ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন ছিল৷
‘চা-বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী’ শিরোনামে ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বার্তা সংস্থা আইএএনএসের একটি প্রতিবেদন অনুবাদ করে প্রথম আলোর সারা বিশ্ব পাতায় ছাপা হয়৷ তাতে ‘১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর মোদি আরএসএসের প্রচারক হিসেবে যোগ দেন’—এমন একটি তথ্য ছিল৷ এর মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অবমাননা হয়েছে বলে মনে করছে সিপি গ্যাং৷ এর প্রতিবাদেই গতকালের বিক্ষোভের আয়োজন করা হয়৷ যশোরের মনিহার চত্বরেও একই ধরনের কর্মসূচি পালন করে সংগঠনটি৷
এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে প্রথম আলো বর্জনের ডাক দেন৷
প্রথম আলোয় ওই প্রতিবেদন প্রকাশের পরদিন ১৮ মে একই পাতায় সংবাদটির ব্যাখ্যা ছাপা হয়৷ তাতে বলা হয়, ‘চা-বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী’ শীর্ষক প্রতিবেদনটির তথ্যসূত্র ছিল বার্তা সংস্থা আইএএনএস৷ প্রতিবেদনের সূত্রের তথ্য হুবহু রাখা হয়৷ বার্তা সংস্থার তথ্যসূত্র ধরেই বলা হয়, ‘আরএসএসের প্রচারক হিসেবে মোদি আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর৷’ ব্যাখ্যায় আরও বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারত ও পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে৷ হয়তো সে কারণে নিজস্ব প্রেক্ষাপটে কোনো কোনো বিদেশি গণমাধ্যম কখনো কখনো একে পাকিস্তান-ভারত যুদ্ধও বলে থাকে৷ কিন্তু ১৯৭১ সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর হিসেবেই সর্বজনীনভাবে স্বীকৃত৷