প্রথম আলোর প্রতিবেদন নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) আয়োজিত নগরের একটি রেস্তোরাঁয় ইফতার পার্টি ও আলোচনাসভায় সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট দুটি প্রতিবেদন নিয়ে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র সংসদের (চাকসু) ভিপি।
গতকাল অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভিপি নাজিম উদ্দিন বলেন, ‘দুই দিন ধরে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে আশাহত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত এই সংকট কাটিয়ে তোলা।’
পাল্টা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় চালানো অনেক কষ্টের। ভিপিকে শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে না ধরে শুধু সমালোচনাই করে গেলেন।’
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরী, চাকসু ভিপি নাজিম উদ্দিন, প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, চবিসাসের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচকদিকগুলো তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনা করে মিডিয়াতে তুলে ধরার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এ যাত্রা অব্যাহত থাকুক।’